নিকলীতে নদীভাঙন শতাধিক ঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা নিকলীর ছাতিরচর ও সিংপুর ইউনিয়নে আফাল (বাতাসের কারণে উত্তাল ঢেউ) শুরু হয়েছে। এ কারণে গত শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। এতে গত এক সপ্তাহে দু্ই ইউনিয়নের শতাধিক ঘর বিলীন হয়ে গেছে।
সরেজমিন দেখা গেছে, ছাতিরচর এলাকায় কয়েক দিন আগেও ছিল জনবসতি। এখন সেখানে থইথই পানি। ঘোড়াউত্রা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ছাতিরচরের বেশির ভাগ জনপদ। গত সাত দিনে অর্ধশতাধিক ঘর চলে গেছে নদীগর্ভে। বাড়ছে ঘরবাড়িহারা নিঃস্ব মানুষের সংখ্যা। ভাঙনকবলিত মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
২৭ আগস্ট ছাতিরচর গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামবাসী বাঁশ ও কচুরিপানা দিয়ে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে। ভিটেহারা অনেক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। অনেকে আশ্রয় নিয়েছে অন্য কোনো গ্রামে, আত্মীয়স্বজনের বাড়িতে।
গ্রামের বাসিন্দা আবুল কাশেম জানান, গত এক সপ্তাহে অন্তত ৫০টি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বর্ষায় একদিকে কোনো কাজ নেই। অন্যদিকে ভাঙনে ভিটে হারিয়ে তাঁরা দুর্ভোগে পড়েছেন। ভাঙনকবলিত লোকজন জানান, প্রবল ঢেউয়ে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন তারা। কিন্তু প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা তাদের খোঁজ নিচ্ছেন না।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য আনোয়ারা খাতুন বলেন, ‘এ গ্রামে লোকজনের বসবাস কচুরিপানার মতোই। কখন প্রবল ঢেউ তাদের বাসস্থান ভাসিয়ে নিয়ে যায়, তা কেউ বলতে পারে না।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১০ বছরে ঘোড়াউত্রা ও ধনু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে হাওর এলাকার দুই হাজারেরও বেশি ঘর। আর এতে আশ্রয়হারা হয়েছে অন্তত ১০ হাজার মানুষ। প্রতিবছর শুষ্ক মৌসুমে ভাঙনকবলিত এলাকায় স্বল্প পরিসরে বন্যা প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়। কিন্তু ওই দেয়াল দিয়ে হাওরের জনপদ রক্ষা করা যাচ্ছে না। বিভিন্ন বেসরকারি সংস্থা ভাঙন রোধে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে কিছু এলাকা রক্ষার চেষ্টা করছে। কিন্তু নদীশাসন ও নদী খনন না করায় কোনো অবস্থাতেই ভাঙন ঠেকানো যাচ্ছে না।
সিংপুর ইউপির চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, নদীর তীব্র স্রোতে তাঁর ইউনিয়নের ৪০-৫০টি বসতভিটা গত এক সপ্তাহে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে স্কুল-মাদ্রাসা-মসজিদসহ কয়েক শ বাড়ি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চাল, টিন ও নগদ অর্থ দেওয়া হচ্ছে। তবে হাওরবাসীকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে হলে ভরাট হয়ে যাওয়া নদী পুনঃখনন ও খাল কাটতে হবে।