নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি পশ্চিমে সরে গিয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। তবে এ লঘুচাপের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফলে শৈত্যপ্রবাহ ছাড়াই ঘন কুয়াশায় ঢেকে গেছে এবং শীতের অনুভূতি বেড়েছে। দিনের কয়েক ঘণ্টা সূর্যের দেখা মিললেও সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি বাড়তে থাকে।

আবহাওয়ার বিচারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলে সেটিকে শৈত্যপ্রবাহ বলা হয়। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সারা দেশের গড় তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থেকেছে। আবহাওয়া দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া দপ্তর থেকে আজকের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা গতকালকের মতোই থাকবে। তবে সন্ধ্যার পর কুয়াশার পরিমাণ বেড়ে যেতে পারে। এতে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ নদীগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, নদীতীরবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী কুয়াশা পড়তে পারে।