নিম্নচাপটি লঘুচাপ হয়ে সীতাকুণ্ডে
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
আজ রোববার বেলা দেড়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চট্টগ্রাম উপকূলীয় এলাকায় অতিক্রমরত নিম্নচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
নিম্নচাপটি সকাল ছয়টার দিকে সীতাকুণ্ড উপজেলার কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি, দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।