
পাহাড়ের আঁকাবাঁকা পথে যেতে যেতে অনেক অদেখা ভুবন দৃশ্যমান হয়ে ওঠে। বিশেষ করে, বহু দূরের নীলাকাশ, যা মিশে গেছে পাহাড়ের চূড়ায়। এখানে মেঘ আর পাহাড়ের অভিসার চলে নিত্যদিন। কোথাও মেঘ জমে আছে সবুজ পাতাকে আড়াল করে, কোথাও আবার উঁচু-নিচু পাহাড়ের ঢালে জুম ফসল কাটছেন আদিবাসী নারীরা। অচেনা পাখিরা উড়ে চলেছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। চোখ জুড়িয়ে যায়। রাঙামাটি থেকে খাগড়াছড়ি অথবা রুমা থেকে কেওক্রাডং পাহাড়ে যেতে যে সড়ক রয়েছে, সে সড়কের চারপাশে এ দৃশ্য চোখে পড়ার মতো।
পাহাড়ের গায়ে জন্মানো লতা-গুল্মে ফুটে আছে নাম না-জানা অনেক ফুল। পাহাড়ের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ আটকে গেল নীলচে এক ফুলের আকর্ষণে। সাদাটে নীলচে ফুলগুলো ছাপিয়ে আছে পাহাড়ি টিলার গা বেয়ে বেড়ে ওঠা লতায়। অপূর্ব এক উচ্ছ্বাসের ভঙ্গিতে ছেয়ে আছে চারপাশ। ফুলটির নাম নীল বনলতা। নীল লতা বা নল লতা নামেও কেউ কেউ এ ফুলকে চেনেন। বাংলাদেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে এই প্রজাতির দেখা মেলে বেশি। লাউয়াছড়া, সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্য, কাপ্তাইয়ের রাম পাহাড়, চিম্বুক পাহাড়ে নীল বনলতা ফুলের শোভা দেখা যায়। শেরপুরের শালবনে গিয়েও এ লতার দেখা পেয়েছি। তবে এখানে লতার ঝাড় বেশি নেই।
এ লতা ভূমি থেকে পাহাড়ের গা বেয়ে ৮-১০ মিটার ওপরে ওঠে। পাতার বোঁটা মোড়ানো। পাতা রুক্ষ, আগা চোখা। লম্বা লতা। পাপড়ি নলাকার, পাকানো, পুংকেশর চারটি, দলের সঙ্গে লাগানো থাকে। ফুল লম্বা, ঝুলন্ত ডাঁটায় ফুল ফোটে এক বা একাধিক। ঘণ্টার মতো ফুলের গড়ন। পাপড়ি পাঁচটি, অসমান হালকা নীল, ছয় সেন্টিমিটার লম্বা। ফুল ফোটে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত। পাতা সবজি হিসেবে আদিবাসীরা ব্যবহার করে। এ লতার অনেক ভেষজ গুণ রয়েছে। বৈজ্ঞানিক নাম thunbergia grandiflora, ইংরেজি নাম Bengal clock vine। উদ্যানে কিংবা বাড়ির ছোট্ট বাগানে ঝাঁকা কিংবা মাচা তৈরি করে এদের লাগানো হলে ফুলের রং দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। বিশ্বের বিভিন্ন দেশে এ ফুলের কদর আছে। উন্নত বিশ্বে গার্ডেন প্ল্যান্ট হিসেবে খ্যাতি কুড়িয়েছে এই নীল বনলতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদ উদ্যানে ও ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে এ লতা রয়েছে এবং ফুলও ফোটে। আমাদের কাছের পাহাড়ে এই বনফুল বছরের প্রায় নয় মাস মেলে ধরে থাকে সৌন্দর্য। এটি বাগানের জন্য খুবই উপযোগী একটি ফুল। আমাদের নিজস্ব এ বনলতা দিয়ে আমরাও সাজাতে পারি আমাদের ব্যক্তিগত উদ্যান।