
শান্ত শীতের সকাল। খুব ভোরে পাখি দেখতে বেরিয়েছি ঢাকার জাতীয় উদ্ভিদ উদ্যানে। সঙ্গে আমেরিকান নাগরিক পাখি বিশেষজ্ঞ ড. পল থমসন। তিনি বাংলাদেশে পাখি নিয়ে ৩০ বছর ধরে কাজ করেছন। একটি পুকুরধারে জারুল বনের পাশে শীতলপাটি গাছের ঝোপে এই পাখিরা আসে। তবে অনিয়মিত। কোনো বছর দেখা যায়, আবার কোনো বছর দেখা যায় না। হিমালয়সহ দক্ষিণ এশিয়ার ছোট পাখি নীলরবিন। দেশি নীলরবিন নামে পরিচিত। ইংরেজি নাম Indian Blue-Robin। মেয়ে পাখির রং শুকনো পাতার মতো হালকা বাদামি। তাই সহজে চোখে পড়ে না। দেখা গেল মেয়ে পাখিটি খুব সাবধানে ঝোপ থেকে বেরিয়ে পাতা উল্টিয়ে খুঁটে খুঁটে পোকা খাচ্ছে। এভাবে কত শত পাখি প্রতিদিন পোকা খেয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবদান রাখছে। পল পাখিটি আমাকে প্রথম দেখালেন। সেদিন ছেলে পাখির দেখা পাইনি। নীলরবিন আমাদের দেশে পরিযায়ী হয়ে আসে বছরে দুবার। কখনো কখনো এরা বাংলাদেশকে ট্রানজিট বা যাত্রাবিরতি হিসেবে ব্যবহার করে। যাত্রাবিরতির সময় প্রায়ই এরা জাতীয় উদ্ভিদ উদ্যানে আশ্রয় নেয় এবং সপ্তাহÿখানেক থাকে।
কিছুদিন পর আবার জাতীয় উদ্ভিদ উদ্যানে গিয়ে নীলরবিন দেখতে পাই। কিছু ছবি তুলি। খানিক বাদেই সে একটি ফুলবাগানে চলে গেল। অনেকক্ষণ ধরে তার শিকার ধরার কৌশল ও চালচলন পর্যবেক্ষণ করলাম। পানি জমে থাকা জায়গায় আসে পোকা ধরতে। ফুলের টবেও যায়। মানুষের টের পেলে লাফিয়ে অথবা উড়ে গিয়ে ঝোপের বা পাতার আড়ালে চুপ করে বসে থাকে। হাঁটার সময় এটি ঘন ঘন লেজ নাড়ায় এবং ডানা ঝাপটায়, যার ফলে ডানার নীল রঙ্গ আরও ভালোভাবে দেখা যায়। এ দৃশ্য খুবই উপভোগ্য।
সাধারণত মিশ্র ও আর্দ্র পাতাঝরা বনে, ফুলবাগানে ও চিরসবুজ বনে বিচরণ করে। ভূমিতে লাফিয়ে এর উপরিভাগে খুঁটিয়ে শিকার ধরে। খাবার তালিকায় আছে প্রধানত পোকামাকড়। শীত মৌসুমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনে দেখা যায়।
প্রজনন মৌসুমে ভূমিতে বাসা বানিয়ে ডিম পাড়ে। ডিম দেখতে নীল। সংখ্যায় তিন থেকে পাঁচটি। ছেলে পাখির পিঠের দিক নীল, নিচের দিক কমলা, ভ্রুরেখা সাদা, কানঢাকনি কালো। গলা ও বুক উজ্জ্বল তামাটে। মেয়ে পাখির পিঠ জলপাই বাদামি এবং গলা সাদা, দেহতল পীতাভ। কখনো কখনো কোকিল এদের পাখির বাসায় ডিম পেড়ে রাখে। দেশি নীলরবিন নিজের ছানা ভেবে আদর-যত্ন করে। নেপাল, মিয়ানমার ও হিমালয়ে এরা বাসা করে জুলাই মাসের দিকে। ছানারা উড়তে শিখলে আবার পরিযায়ী হয়।