
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের লেইছামারা বিলে এসেছি বিরল ও দুর্লভ পাখির সন্ধানে। দু-তিনটি বিশাল পাখির ঝাঁকের দেখা পেলাম, ঝাঁকপ্রতি হাজার খানেক পাখি। কিন্তু ভালো ছবি তোলার দূরত্বে যেতে পারছি না। বাইনোকুলারে চোখ রাখতেই নানা প্রজাতির পরিযায়ী হাঁসের সঙ্গে কালকুট, জৌরালি ও গেওয়ালা বাটান দেখলাম। বিকেলের সূর্য পশ্চিমে হেলে পড়ছে। অতঃপর চার কিলোমিটার দূরের গোলাবাড়ি আনসার ক্যাম্পের উদ্দেশে নৌকা ঘোরালাম।
রাতটা নৌকায় কাটিয়ে পরদিন আবার বিলে ঢুকলাম। বিলের মধ্যে ভেসে থাকা এক চিলতে চরে নামলাম। ফাইলা ও নলখাগড়ার বনে পুরোটা চর আচ্ছাদিত। খালি পায়ে ক্যামোফ্লেজ পোশাক পরে সামনে এগোতে থাকলাম। নলখাগড়ার আড়াল থেকে বেশ কিছু বিরল ও দুর্লভ হাঁসের ছবি তুললাম। জুম করে ছবি দেখতে গিয়ে একটি উড়ন্ত ঝাঁকের ছবিতে চোখ আটকে গেল। ধাতব গাঢ় সবুজ মাথার সুদর্শন হাঁসা দেখে বুঝতে আর অসুবিধা হলো না কার ছবি তুলেছি। আনন্দে নেচে উঠল মন। বিরল হাঁসটিকে এ দেশে প্রথম দেখলাম। এর আগে এদের কানাডা ও ইতালির রোমে দেখেছি।
সুদর্শন ও বিরল হাঁসটির নাম নীলশির (Mallard)। নীলমাথা হাঁস নামেও পরিচিত। এরাই সারা বিশ্বের গৃহপালিত হাঁসের পূর্বপুরুষ, যারা এখনো বুনো পরিবেশে টিকে আছে। Anatidae গোত্রের হাঁসটির বৈজ্ঞানিক নাম anas platyrhynchos.
নীলশির দৈর্ঘ্যে ৫০-৬৫ সেন্টিমিটার ও ওজনে এক থেকে দেড় কেজি। হাঁসা ও হাঁসি একেবারেই আলাদা, যদিও দুটিরই ডানায় গাঢ় নীল ব্যান্ড থাকে। হাঁসার মাথা ও ঘাড় ধাতব সবুজ, সূর্যের আলোয় যা চিকচিক করে। গলায় সাদা মালা। দেহের রং গাঢ় ধূসর। ঠোঁট হলুদ ও পা কমলা। তবে এ রং শুধু প্রজননকালেই দেখা যায়, অন্য সময়ে রং অনেকটা হাঁসির মতো হয়ে যায়। অন্যদিকে, হাঁসির পুরো দেহ বাদামি, তার ওপর গাঢ় বাদামি ও হালকা-হলদে দাগছোপ। চোখ বাদামি, ঠোঁট কালচে-কমলা, পা ও পায়ের পাতা কমলা-হলুদ থেকে প্রবাল লাল। অপ্রাপ্তবয়স্কগুলো দেখতে হাঁসির মতো।
নীলশির মূলত উত্তর গোলার্ধ্বের বিভিন্ন দেশের আবাসিক পাখি, তবে দক্ষিণ আমেরিকা ও এশিয়াতেও দেখা মেলে। এরা অগভীর হ্রদ, নদী, পুকুর ও উদ্যানে সচরাচর ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। শীতে সিলেট, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন হাওর ও বিলে দেখা যায়। পানিতে মাথা ডুবিয়ে জলজ লতাপাতা, ঘাস, বিচি, শামুক-গুগলি, ব্যাঙাচি, পোনা মাছ, কেঁচো ইত্যাদি খুঁজে খায়।
এপ্রিল থেকে জুলাই প্রজননকাল। মিলনের পরপরই হাঁসা অন্যত্র চলে যায়। কাজেই বাসা বানানো, বাচ্চার যত্ন—সবকিছু একা হাঁসিকেই করতে হয়। হাঁসি প্রজনন এলাকায় পানির কাছাকাছি মাটিতে বাসা বানায়। এরপর ৬-১৩টি ফ্যাকাশে সবুজাভ, নীলচে বা ক্রিম-সাদা ডিম পাড়ে, যা ২৬-২৮ দিনে ফোটে। বাচ্চারা মায়ের সঙ্গে প্রায় দুই মাস থাকে। চার মাসে উড়তে শেখে ও এক বছরে প্রাপ্তবয়স্ক হয়। আয়ুষ্কাল ৩-২০ বছর।