নেত্রকোনার গ্রামে রামবুটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হরিপুর গ্রামে উসমান গণির বাড়িতে রামবুটান ফল। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হরিপুর গ্রামে উসমান গণির বাড়িতে রামবুটান ফল। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নেত্রকোনার কলমাকান্দা বাজার থেকে উসমান গণির (৫৫) গ্রাম হরিপুরের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। উসমান গণির বাগানে আছে অস্ট্রেলিয়ান আপেল, স্টার আপেল, ড্রাগন ফল, টক ও মিষ্টি করমচা, মিষ্টি তেঁতুলসহ দেশ-বিদেশের ৮০ প্রকার ফল, বিভিন্ন জাতের গোলাপ, উন্নত জাতের রঙ্গনসহ বিভিন্ন প্রজাতির গাছ। আর আছে রামবুটান। এই রামবুটানের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে কয়েক গ্রামজুড়ে।
একদিন খবর পেয়ে উসমানের বাড়িতে যাই। আধা পাকা বাড়ি। সামনে বিভিন্ন ফল ও ফুলের বাগান। উসমান গণি শোনান বিদেশি ফল রামবুটান চাষের গল্প।
কাজের সন্ধানে ১৯৯২ সালে মালয়েশিয়া যান উসমান গণি। কিন্তু সেখানকার পরিবেশে বেশি দিন টিকতে না পেরে চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন পরের বছর। আসার পথে অন্য জিনিসের সঙ্গে দুই কেজি রামবুটান ফল আনেন। সে ফলের বীজগুলো তিনি দেশীয় পদ্ধতিতে রোপণ করেন। এর মধ্যে একটি চারাগাছ টিকে যায়। ছয় বছর পর রামবুটানে ফুল আসে। আনন্দে মন ভরে যায় তাঁর। বর্তমানে এই একটি গাছ থেকে অনেক গাছ হয়েছে। প্রতিবছর চারা উৎপাদন আর ফল বিক্রি করে একদিকে লাভবান হচ্ছেন, আবার অন্যদেরও ব্যবসা করার সুযোগ করে দিচ্ছেন।
পেশায় পিল্লচিকিৎসক উসমান গণির সাফল্যের কথা ছড়িয়ে গেছে দূর-দূরান্তে। অনেকেই ফল-ফুলের চারা নিতে আসেন তাঁর কাছে। নেত্রকোনার দুর্গাপুর থেকে এসেছিলেন রামবুটান ক্রেতা মো. আজিজুর রহমান। বললেন, ‘রামবুটান এই প্রথম দ্যাখলাম। নিয়া গিয়া চাষ করব।’
কৃষিকথা নামের একটি ম্যাগাজিনের তথ্য, রামবুটান ফল চাষের জন্য বাংলাদেশের আবহাওয়া অনুকূল।
রামবুটান ফলটি লিচু পরিবারের। আদি নিবাস মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। ফলটির খোসা হালকা চুলের মতো আবরণে ঢাকা। মালয় ভাষায় ‘রামবুট’ শব্দের অর্থ চুল।
তাই অনেকে একে হেয়ারি লিচু, কেউ কেউ ফলের রানিও বলেন। ফলটির ভেতরে লিচুর মতো শাঁস থাকে। খেতে সুস্বাদু ও মুখরোচক, রয়েছে ওষধি গুণ।
উসমান গণির এই অভিনব প্রচেষ্টা এলাকার মানুষের মধ্যে তৈরি করেছে উৎসাহ। অনেকেই তাঁর এই অভিনব বাগান দেখে খুশি।
উসমানের প্রতিবেশী আবু সামাদ বলেন, ‘ছোডো (ছোট) থাইকাই স্কুল থেকে আইয়া বাগান-টাগান করত। এখন বাজারে ডাক্তারি আর গাছই হইল তার সঙ্গী।’
শিক্ষার্থী দীন মোহাম্মদ বলে, ‘রামবুটান খাইতে খুব মজা লাগে। তিনি (উসমান গণি) শুধু গাছের ডাক্তার না মানুষেরও ডাক্তার। জোড়া দেওয়া (কলম করে) গাছ লাগান।’
রামবুটান ফলের শত্রু বাদুড়, ইঁদুর ও পাখি। এ জন্য গাছে জাল দিয়ে পেঁচিয়ে দিতে হয়। আষাঢ়ের মাঝামাঝি থেকে শ্রাবণের প্রথম সপ্তাহ পর্যন্ত ফল গাছে থাকে।
একটি গাছ থেকে এক মৌসুমে প্রায় ১০০ কেজি রামবুটান পান উসমান। তাঁর বাগানে এখন রামবুটান গাছের সংখ্যা চারটি। এর মধ্যে একটি থেকে ফল পাওয়া যায়। ২০০ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি। বছরে রামবুটান বিক্রি করেই পান কুড়ি হাজারের বেশি টাকা। শখের বশে করা বাগান এখন উসমানের আয়ের অন্যতম উৎস।
উসমান গণি বলেন, ‘ছোট থেকে গাছকে ভালোবাসি। তবে আমার বাগান করার জায়গার অভাব। সবাই ফলের বাগান করতে এগিয়ে এলে ফরমালিনমুক্ত ফল পাব।’
কৃষিতে অভিজ্ঞতাহীন উসমান গণির প্রচেষ্টাকে সাধুবাদ জানান উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ। বললেন, ওই প্রত্যন্ত অঞ্চলে রামবুটানের মতো বিদেিশ ফলের সফল ফলন ঘটানো সত্যিই আশাব্যঞ্জক। তাঁকে দেখে অনেকেই এখন রামবুটানের গাছ লাগাচ্ছেন।’