নয় মিলিমিটার বৃষ্টিতেই দুঃসহ যানজট

বিকেল পাঁচটায় শুরু, সাড়ে পাঁচটায় শেষ। মাত্র আধঘণ্টার বৃষ্টিতে গতকাল সোমবার থমকে যায় ঢাকার রাজপথ। অসংখ্য যান আর অগণিত মানুষকে ঠায় বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। অপেক্ষার প্রহর যেন আর শেষ হয় না।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, রাজধানী ঢাকায় গতকাল বিকেলের এই বৃষ্টির পরিমাণ ছিল মাত্র নয় মিলিমিটার। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটা থেকে প্রায় আড়াই ঘণ্টা ঢাকার ব্যস্ত সড়কগুলোতে যানজট ছিল। এ সময় অফিস ছুটি হওয়ায় যানজট আরও বেড়ে যায়।
বৃষ্টি অল্পস্বল্প যা-ই হোক, এর ধকল সবচেয়ে বেশি পোহাতে হয়েছে সন্ধ্যার ঘরমুখী মানুষকে। সরকারি কর্মকর্তা শফিউর রহমান কাকরাইলে অফিস থেকে বের হন সোয়া পাঁচটার দিকে। মহাখালী যাবেন। বৃষ্টি শেষ হলেও বাসের দেখা নেই। এক ঘণ্টা অপেক্ষার পর বাধ্য হয়ে সাড়ে তিন শ টাকায় ভাড়া করেন সিএনজিচালিত অটোরিকশা। অটোরিকশায় কাকরাইল মোড় থেকে শেরাটন মোড় পর্যন্ত যেতেই লাগে দেড় ঘণ্টা।
বৃষ্টির কবলে পড়ে শুধু কাকরাইল কিংবা রূপসী বাংলা মোড় নয়, ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণকক্ষ থেকে মগবাজার, বাংলামোটর, সোনারগাঁও মোড়সহ সব ভিভিআইপি সড়কে যানজট ছড়িয়ে পড়ে। ফলে এসব সড়কের আশপাশের অলিগলিতেও দেখা দেয় যানজট।
সরেজমিনে দেখা গেছে, পরীবাগ পেট্রলপাম্প থেকে বাংলামোটর মোড়ের ফুটপাতে জমে যায় বৃষ্টির পানি। জানা গেছে, ধানমন্ডি, কলাবাগান, শ্যামলীসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকাতেও জলাবদ্ধতা দেখা দেয়।