পটুয়াখালীতে ১৭৪ মি.মি. বৃষ্টি, বন্ধ লঞ্চ চলাচল
বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। ডুবে গেছে শহরের বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের জমি। এরই মধ্যে অভ্যন্তরীণ নদীপথের ২২টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পটুয়াখালী আবহাওয়া কার্যালয় জানায়, আজ রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ১৭৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক আবদুল রাজ্জাক জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ ২২টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
খেপুপাড়া রাডার স্টেশন জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী নদীবন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।
এদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জেলার নিম্নাঞ্চলের জমি ডুবে গেছে। বেশির ভাগ জমিতেই ছিল আমন ধানের চারা। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ।
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম মাতুব্বর বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলের আমন খেত ডুবে গেছে। তবে পানি দ্রুত নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না বলে জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কে এম আজহারুল ইসলাম জানান, ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে ভারী বর্ষণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। জেলা শহরের অধিকাংশ এলাকা বৃষ্টির পানিতে ডুবে গেছে। আজ স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিত ছিল কম।