পদ্মায় প্রচণ্ড ঢেউ ও স্রোত, ফেরি-লঞ্চ চলাচল ব্যাহত
ঝোড়ো হাওয়ায় নদী উত্তাল থাকায় এবং স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ দুই নৌপথ মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়ায় গতকাল দিনভর লঞ্চ চলেনি। ফেরি পারাপারও বন্ধ ছিল দুপুর থেকে বিকেল পর্যন্ত পাঁচ ঘণ্টা। মাওয়া-কাওড়াকান্দিতেও দিনভর লঞ্চ চলাচল বন্ধ ছিল। আর ফেরি চলেছে ঝুঁকি নিয়ে। এতে দুই ঘাটেই দীর্ঘ সময় আটকে থেকে ব্যাপক ভোগান্তিতে পড়ে যানবাহনের যাত্রীরা।
পাটুরিয়া-দৌলতদিয়া: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিকেলে জানান, বৈরী আবহাওয়ার কারণে ঝোড়ো বাতাস এবং নদীতে প্রচণ্ড স্রোত ও ঢেউ দেখা দিয়েছে। ঠিকভাবে চালাতে না পেরে দুপুর ১২টার দিকে পাটুরিয়া প্রান্ত থেকে এবং এর ৩০ মিনিট পর দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি ছাড়া বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক খালেদ মোশাররফ জানান, শুক্রবার সকাল নয়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে সব লঞ্চ চলাচল বন্ধ ছিল। প্রায় ২৬ ঘণ্টা পর শনিবার বেলা ১১টার দিকে লঞ্চ চলাচল শুরু হলেও সাড়ে ১২টা থেকে পরিস্থিতি খারাপ হওয়ায় পুনরায় বন্ধ করা হয়।
ফেরি পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা সড়কে প্রায় চার কিলোমিটার জুড়ে গাড়ির সারি সৃষ্টি হয়।
মাওয়া-কাওড়াকান্দি: বৃহস্পতিবার সকাল থেকে ঝোড়ো হাওয়া বইতে থাকায় পদ্মা নদীতে স্রোত ও ঢেউ বৃদ্ধি পায়। দুর্ঘটনা এড়াতে গতকাল সকাল থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথের সব ঘাটে লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। নৌযান চলাচল বন্ধ হওয়ায় শরীয়তপুরের মঙ্গল মাঝির, মাদারীপুরের কাঁঠালবাড়ি ও কাওড়াকান্দি ঘাটে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, আবহাওয়া খারাপ থাকায় পদ্মা নদী বেশ উত্তাল। এ কারণে লঞ্চ, সি-বোট ও ট্রলার চলাচল বন্ধ করা হয়েছে। রো রো ফেরিতে করে যাত্রী পারাপার করা হচ্ছে। তবে যেকোনো সময় তাও বন্ধ করে দেওয়া লাগতে পারে।