পদ্মায় পানি বেড়েছে, কমেছে যমুনায়, প্লাবিত নতুন এলাকা

কুড়িগ্রাম, রাজবাড়ী, ফরিদপুর ও বগুড়ায় পরিস্থিতির অবনতি। সিরাজগঞ্জ, নীলফামারীসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার পানি বেড়ে তলিয়ে গেছে বসতবাড়ি। প্রায় কোমরসমান পানি ভেঙে খাওয়ার পানি সংগ্রহ করতে যাচ্ছেন এক দম্পতি। গতকাল রাজবাড়ীর গোয়ালন্দের দেবগ্রামে।
ছবি: এম রাশেদুল হক

এক দিনের ব্যবধানে পদ্মা, ধরলাসহ কিছু নদীতে পানি আরও বেড়েছে। তবে পানি কিছুটা কমেছে যমুনা ও ব্রহ্মপুত্রে। গতকাল শনিবারও দেশের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম, রাজবাড়ী, ফরিদপুর ও বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হলেও সিরাজগঞ্জ, নীলফামারীসহ কয়েকটি জেলায় অপরিবর্তিত রয়েছে।

কুড়িগ্রামে ধরলা নদীর পানি বেড়ে গতকাল বিপৎসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর তীরবর্তী ৪টি উপজেলার ৩৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। অপরদিকে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও গতকাল তা বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রায় সাড়ে ৩০০ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. রেজাউল করিম বলেন, বন্যার্তদের জন্য ২৮০ মেট্রিক টন চাল ও সাড়ে ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজবাড়ী ও ফরিদপুরে নদীর তীরবর্তী এলাকাগুলোয় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলেছে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে পদ্মা নদীর তিনটি পয়েন্টে পানি বেড়েছে। দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার, পাংশার সেনগ্রামে ৬৫ সেন্টিমিটার ও সদর উপজেলার মাহেন্দ্রপুরে পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

জেলার ত্রাণ ও পুনর্বাসন বিভাগ জানিয়েছে, গতকাল পর্যন্ত জেলার ১৩টি ইউনিয়নের ৬৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক বলেন, জেলার ক্ষতিগ্রস্ত ৬ হাজার ৭৭৫ জনকে ইতিমধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার ১১টি ইউনিয়নের ২৪১টি গ্রামের ২০ হাজার ১০০ পরিবার পানিবন্দী হয়ে রয়েছে।

বগুড়ায় যমুনার পানি গতকাল কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৪টি ইউনিয়নে নতুন করে আরও তিনটি গ্রামসহ ১০১টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এতে ১৬ হাজার ৭২০টি পরিবারের ৬৬ হাজার ৯৮০ জন পানিবন্দী।

এদিকে যমুনার পানি কমায় জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি গতকাল কিছুটা কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে নদীটির পানি ১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

উত্তরবঙ্গের জেলা গাইবান্ধার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল বিকেলে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার এবং ঘাঘটের পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আর তিস্তার পানি গতকাল বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, তিস্তা ব্যারেজের গেট খুলে দেওয়ার কারণে তিন থেকে চার দিন তিস্তায় পানি বাড়বে।

তিস্তা নদীর পানি কমতে শুরু করায় নীলফামারীর ডিমলা উপজেলার নদীবেষ্টিত চরের প্রায় ১৫টি গ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনো দুই হাজারের বেশি পরিবার পানিবন্দী রয়েছে।