পরিবেশ দিবসে কার্তিক পরামানিকের বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে বৃক্ষরোপণ করলেন চাঁপাইনবাবগঞ্জের বৃক্ষপ্রেমিক কার্তিক পরমানিক। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, শোভাযাত্রা, সেমিনারের আয়োজন করা হয়।
সবার জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গতকাল শুক্রবার পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
আজ আয়োজকেরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কার্তিক পরামানিক চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি সফেদা ও চারটি বেদানা, দুটি আমলকি ও একটি বহেরা গাছ সঙ্গে করে নিয়ে আসেন। আজ সকাল ১০টায় তিনি ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগসহ অন্য শিক্ষকেরা ক্যাম্পাসে সেই গাছগুলো রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বৃক্ষরোপণ শেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বেগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক চৌধুরী সওরয়ার জাহান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আর্কিটেকচার বিভাগের প্রধান ইকবাল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিুজল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মন্জুর হোসেন, জাপানি পরিবেশবিদ কিন জিং, মিজ সাসাকি প্রমুখ।
বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য কার্তিক পরামানিককে আর্কিটেকচার বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিকের সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছে অষ্টম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ে। বইয়ের ৫৮ পৃষ্ঠায়‘ এ ম্যান হু লাভস ট্রিজ’ শিরোনামে প্রকাশিত অধ্যায়ে কার্তিক পরামানিকের ১০ বছরের বয়স থেকে গাছ লাগানোর কাহিনি বর্ণনা করা হয়েছে। গাছপাগল এই মানুষটির বিশাল কর্মযজ্ঞের কথা প্রথম প্রকাশ করে প্রথম আলো। ‘বিশাল বিশাল বৃক্ষগুলো যেন একেকটি কার্তিকনামা’ শিরোনামে প্রতিবেদনটি ছাপা হয় ২০০৩ সালের ২ ডিসেম্বর। প্রতিবেদনটি লিখেন চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।
অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ে ‘এ ম্যান হু লাভস ট্রিজ’ শিরোনামে প্রকাশিত কার্তিক পরমানিকের গল্পটি যে প্রথম আলোর ওই প্রতিবেদন থেকে নেওয়া, সে কথাও উল্লেখ করা হয়েছে।
বইয়ে বলা আছে, বাংলাদেশের দূরের এক প্রান্তের একটি গ্রাম তারাপুর। ওই গ্রামে বাস করেন কার্তিক পরামানিক নামের এক ব্যক্তি। তবে তারাপুরের অবস্থান কোন জেলাও উপজেলায় তা উল্লেখ করা হয়নি। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের তারাপুর ঠুটাপাড়া গ্রামে।
কার্তিক পরমানিক এইর মধ্যে পেয়েছেন জাতীয় পুরস্কার, চ্যানেল আই কৃষিপদকসহ নানা পুরস্কার।