পরিবেশ রক্ষায় তৃণমূলে সচেতনতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল পর্যায় থেকে মানুষকে সচেতন করা হলে প্রভাবশালীরা আর পরিবেশ ধ্বংস করতে পারবে না। গাছ কাটলে কী ক্ষতি, কেন ছড়া শুকিয়ে যাচ্ছে, দিন দিন পানির উৎস কেন কমে যাচ্ছে, তা মানুষকে বোঝাতে হবে। গতকাল শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালায় বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, ইউএনডিপি, তৃণমূল উন্নয়ন সংস্থা, জাবারাং কল্যাণ সমিতিসহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, বন কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউএনডিপির রিটেন তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, দীঘিনালায় ছয় শতাধিক তামাকচুল্লিতে কাঠ পোড়ানো হয়। তৃণমূল পর্যায়ের মানুষকে পরিবেশ বিষয়ে সচেতন করা গেলে তামাকচুল্লিতে পোড়ানোর জন্য তারা আর গাছ বিক্রি করবে না। যারা পরিবেশ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।