পরিবেশবান্ধব ব্যাগ

সিলেটের ইতিহাস ও সংস্কৃতি অনুরাগী অরূপ কান্তি দাশ ও উজ্জ্বল চক্রবর্তী এবারের ঈদবাজার উপলক্ষে ‘সেইভ গ্রিন, সেইভ রাতারগুল’ ছাপচিত্রের কাগুজে ব্যাগ তৈরি করেছেন। গতকাল রোববার দুপুরে সিলেট নগরের রাজা ম্যানশনে ব্যাগের মোড়ক উন্মোচন করা হয়।
রাতারগুল সিলেটের জলার বন। এ বন রক্ষার দাবিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলোর আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে প্রচারণার জন্য এ ব্যাগ তৈরি করা হয়। জলের ওপর সবুজ বৃক্ষ। তাকে ঘিরে রাখা একটি লাল বৃত্ত। নিচে লাল আর সবুজ রঙে লেখা—‘সেইভ রাতারগুল’।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সহসভাপতি নাজিয়া চৌধুরী ব্যাগটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। এ সময় সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শুভেন্দু ইমাম, পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
অরূপ ও উজ্জ্বল গত বছর ঈদুল ফিতর সামনে রেখে কাগুজে ব্যাগে জনসচেতনতার প্রচারণায় উদ্যোগী হয়েছিলেন। ওই বছর সিলেট নগরের সময়-সচেতনতার প্রতীক খ্যাত আলী আমজদের ঘড়িঘরের ১৪০ বছরে পা রাখার ইতিহাসকে স্মরণ করিয়ে দিতে ঈদ ব্যাগ করা হয়েছিল।
ছাপচিত্রের কাজ করেছেন সিলেটের সাংস্কৃতিক সংগঠন নগরনাট সভাপতি অরূপ কান্তি দাশ। ব্যাগের স্বত্ব রুচিশীল পোশাক বিপণন ‘স্লোগান’-এর পরিচালক উজ্জ্বল চক্রবর্তী। এবার ঈদবাজারে ‘সেইভ রাতারগুল’ ব্যাগ করার পেছনে প্রেরণা প্রথম আলোর একটি প্রতিবেদন বলে জানান তাঁরা দুজন।
উজ্জ্বল চক্রবর্তী বলেন, গত বছর ১০ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত ‘রাতারগুল কতল হবে?’ শিরোনামের সেই প্রতিবেদনের সূত্র ধরে ব্যাগ তৈরি করা হয়েছে। রাতারগুলের ছাপচিত্রনির্ভর পোস্টার তৈরির উদ্যোগও তাঁদের রয়েছে। ঈদের পর ওই পোস্টারও উন্মোচন করা হবে।