
হাওরের বিশাল চিংড়িঘেরটার টলটলে জলে ছায়া ফেলে জল ছুঁই ছুঁই করে দ্রুতবেগে সামনের দিকে উড়ে এগিয়ে চলেছে একঝাঁক পাখি। চলতে চলতে সামনে পড়ল টানটান দড়ি। পাঁচটি পোঁতা বাঁশে বাঁধা দড়িটা। ছোট এই পাখিগুলো একে একে বসল ওই দড়িটার ওপরে। বলা যায় ওড়াই এদের জীবন, উড়ে উড়েই শূন্যে ভাসমান-চলমান ক্ষুদ্র ক্ষুদ্র পোকাই এদের প্রধান খাদ্য। ওরা বসেছে পুবমুখো হয়ে। অনেকটাই খাড়া হয়ে। মিষ্টি-মোলায়েম রোদে ওদের পুঁইশাকের রসের মতো লাল কপাল-গলার রং যেমন ঝকঝক করছে, তেমনি ঘাড়-বুকজোড়া চওড়া, সুদর্শন কালো ব্যান্ডটাও করছে চকচক। কালো ব্যান্ড আছে লেজের তলায়ও। কাশফুল-সাদা পেট ও বুকের উপরিভাগটাতে যেন সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে। মাথা, ঘাড় ও পিঠের উপরিভাগের রংও চকচকে নীলচে-কালো। ছোট ঠোঁট (কিন্তু হাঁ করলে মুখ পানাব্যাঙের মতো বড় লাগে) ও ছোট টলমল চোখ দুটি কালো। পা হালকা কালো। বসা অবস্থায় লেজ অনেকটাই ইলিশ মাছের লেজের মতো। সেই লেজের তলার দুপ্রান্ত থেকে দুখানা সুতোপালক পেছন দিকে প্রসারিত। অপ্রাপ্তবয়স্কদের এই সুতোপালক থাকে না। প্রায় সময়েই খাল-নদী-জলাশয়-হাওর-বাঁওড়-খোলামাঠ-ফসলের খেতের ওপর দিয়ে দ্রুতবেগে ওড়ে, উদ্দেশ্য ওই খাবার। ফসলের খেতের মাথা ছুঁয়ে উড়ে এরা ডানা দিয়ে বাতাস ঢেলে পোকা বের করে আনে, নিরীহ এরা পান করে খেজুরের রস, শীতে রোদ পোহায়, প্রিয় বসার জায়গা হলো বৈদ্যুতিক তার। ঘন কুয়াশার দিনে ওড়ে না। পলাতক পোকাকে এরা সামনের দিকে দুই পাখার বাতাস দিয়ে একটা ঘূর্ণাবর্ত বা ফাঁকা স্থান তৈরি করে স্থির করে দেয়, জলের উপরিভাগে ঘন ঘন ঠোকর মারে জলপোকার জন্য, তাই বাগেরহাটে এদের নাম ‘জলঠোকা’। যত দ্রুত উড়বে, ততই দুই পাখা শরীরের দুপাশে লেপ্টে থেকে পেছন দিকে প্রসারিত হবে।
শীতের পরিযায়ী সুন্দর এই পাখিটির নাম সোয়ালো। আবাবিল নামেও পরিচিত। শীতে সারা বাংলাদেশেই দেখা মেলে। এমনকি নিচ দিয়ে রাজধানী ঢাকা শহরও পাড়ি দেয় বড় বড় ঝাঁক। গভীর সমুদ্রের ফিশিং বোটেও নির্ভয়ে রাতের আশ্রয় নিতে দেখেছি আমি।
সোয়ালোর ইংরেজি নাম Barn Swallow. বৈজ্ঞানিক নাম hirundo rustica. দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার। ওজন ১৯ গ্রাম।