পরিষ্কার রায়েরবাজার চান এলাকাবাসী
রাজধানীর রায়েরবাজারের সাদেক খান রোড। এলাকাটি দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর (সাবেক ৪৭) ওয়ার্ডের আওতাধীন। রাস্তাটি রাজধানীর অন্যান্য এলাকার মতো কর্মব্যস্ত না হলেও রাস্তার চারপাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে যত্রতত্র। সেখানে কোনো ডাস্টবিন না থাকায় এমনটি হয়েছে বলে জানালেন এলাকাবাসী।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সিটি করপোরেশনের কোনো নজর এলাকাটিতে নেই। সপ্তাহে এক থেকে দুই দিন সিটি করপোরেশনের লোক এলাকাটি কিছুটা পরিচ্ছন্ন করার চেষ্টা করেন। দিন না যেতেই আবার একই অবস্থা হয়ে যায়। এতে দুর্গন্ধে এলাকার পরিবেশ সব সময় ভারী থাকে। তা ছাড়া নালাগুলো নিয়মিত পরিষ্কার না করায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে।
৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাদেক খান রোডের অর্পা মেডিসিন কর্নারের মালিক রিচার্ড জানান, রায়েরবাজারের এই এলাকার প্রধান সমস্যা হলো অপরিচ্ছন্ন পরিবেশ। এলাকার মুদি দোকানি মো. শাহাবুদ্দিন জানান, এটি মূলত বস্তি এলাকা। মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে রাস্তার ধারে ভ্যানে করে সবজি বিক্রেতারা যথেচ্ছ তাঁদের আবর্জনা ফেলে পরিবেশ আরও বেশি দূষিত করছেন। এসব পরিষ্কার করার জন্য সিটি করপোরেশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। এলাকার সবজি ব্যবসায়ী সোহেল জানান, ময়লা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় তাঁরা ময়লা ফেলার জায়গা পান না।
এসব থেকে পরিত্রাণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকার দাবিতে সাদেক খান রোডে মানববন্ধন করেছেন ৩৪ নম্বর ওয়ার্ডবাসী। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয় এলাকার সাতটি বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী। বেসরকারি সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ৩৪ নম্বর ওয়ার্ডের ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, আলহাজ আবদুল হাশেম খান-ইউসেফ স্কুল, আলিফ আইডিয়াল পাবলিক স্কুল, সাকসেস মডেল হাইস্কুল, সেফ স্কুল, কনফিডেন্স আইডিয়াল স্কুল ও শহীদ বুদ্ধিজীবী আইডিয়াল একাডেমি এই মানববন্ধনের আয়োজন করে।
এলাকার এই অপরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবু তাহের খান বলেন, ‘গতবারের কাউন্সিলর ছিলেন বিএনপি মনোনীত। তিনি এলাকার জন্য কোনো কাজই করেননি। তাই এলাকায় অবস্থা এমন হয়েছে।’
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর মো. জসিম উদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য তাঁর বাসায় গেলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।