পলিথিনের বিকল্প আনার উদ্যোগ কোথাও না কোথাও আটকে যায়: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্লাস্টিক কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি প্রমাণিত। তবু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প অবশ্যই আছে। তবু হচ্ছে না। বিকল্পটি বাজারে আনতে সরকারের উদ্যোগ কোথাও না কোথাও গিয়ে আটকে যায়।
‘প্লাস্টিকদূষণ: কারণ, প্রভাব এবং সমাধান’ শীর্ষক এক ওয়েবিনারে আজ রোববার এসব কথা বলেন এম এ মান্নান। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, প্লাস্টিক পণ্য দামে ও বহনে সহজলভ্য বলে এটি বেশি ব্যবহৃত হয়। এর বিকল্প হতে পারে পাট। তবে শুধু বিকল্প খুঁজলেই চলবে না, বর্জ্য ব্যবস্থাপনাও সমন্বিত করতে হবে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও অ্যাসোসিয়েশন অব একাডেমিস অ্যান্ড সোসাইটিজ অব সায়েন্সেস ইন এশিয়া (আআএসএসএ) যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে। দুই দিনব্যাপী এই ওয়েবিনারের আজ ছিল সমাপনী পর্ব।
ওয়েবিনারে অংশ নেওয়া বক্তারা বলেন, ৫৫ মাইক্রোগ্রাম ওজনের পলিথিন দেশে ইতিমধ্যেই নিষিদ্ধ, তবু তা বাজারে আছে।
ওয়েবিনারে চারটি জরুরি সুপারিশ করেন আলোচকেরা। সুপারিশগুলো হলো: এক. দেশে পলিথিনের ব্যবহার ঠেকাতে ‘পরিবেশ সুরক্ষা পুলিশ’ এখনই গঠন করতে হবে। দুই. পরিবেশগত ঝুঁকি ও পাটের ব্যাগের গুরুত্ব নিয়ে পাঠ্যবইয়ে আলাদা অধ্যায় যুক্ত করতে হবে। তিন. সরকারি ও বেসরকারি পাটকলগুলোকে পাটের সুতা উৎপাদনে আরও উৎসাহ দিতে হবে, যাতে স্থানীয় উদ্যোক্তারা পাটের ব্যাগ আরও উৎপাদন করতে পারেন। চার. প্লাস্টিকের খারাপ ও পাট ব্যবহারের ভালো দিক সম্পর্কে সরকারি-বেসরকারি গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচার করতে হবে।
ওয়েবিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। তিনি বলেন, এই সমাজে প্লাস্টিকদূষণ মোকাবিলা করতে যথাযথ সংস্কৃতি গড়ে ওঠেনি। মানুষের আচরণের পরিবর্তন দরকার। প্লাস্টিকদূষণ পরিবেশের ভয়াবহ একটি সমস্যা। এর কারণে মাটির উর্বরতা কমছে। এখানে নজর দেওয়া দরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে ওয়েবিনারে অংশ নেন। প্লাস্টিকদূষণ কমাতে মূল সমস্যা আইনের বাস্তবায়ন বলে মনে করেন তিনি। তিনি বলেন, এটি নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ আছে। তবে নীতিনির্ধারকেরা কতটা উদ্বিগ্ন, তা জানা নেই। প্লাস্টিকদূষণ রোধে দেশে অন্তত ৯টি আইন আছে। অথচ এসব আইন ও নীতিমালার বাস্তবায়ন দেখা যায় না।
ওয়েবিনারে ১১টি সুপারিশ তুলে ধরেন অধ্যাপক লিয়াকত আলী। তিনি বলেন, প্লাস্টিকদূষণের মতো বড় বৈশ্বিক সমস্যা পরিবেশ, জীববৈচিত্র্য, অর্থনীতি ও স্বাস্থ্যের জন্য হুমকি। বিশ্বের ৫১ শতাংশ প্লাস্টিক বর্জ্য এশিয়াতেই বর্জ্য হিসেবে জমা হয়। বাংলাদেশে প্রতিদিন তিন হাজার টন প্লাস্টিক বর্জ্য জমা হয় এবং তা দ্রুতই পরিবেশগত চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি আরও বলেন, বাংলাদেশে প্লাস্টিকদূষণ কমাতে যে আইন আছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্লাস্টিকের পুনর্ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগ, পচনশীল ব্যাগ উৎপাদনের উদ্যোগকে আরও সহযোগিতা এবং পাটের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে এই দূষণ সম্পর্কে আরও অবহিত করতে হবে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো অধ্যাপক শমসের আলী বলেন, বহির্বিশ্ব বাংলাদেশের পাট নিয়ে অনেক কিছু করছে। আর বাংলাদেশ ঘরের মধ্যে প্লাস্টিক ঢোকাচ্ছে। এদিকে পাঁচ বছর ধরে সোনালি ব্যাগটি বাজারে বড় আকারে আনা গেল না। এই ব্যর্থতা সবার।
ওয়েবিনারে বক্তব্য দেন পাট থেকে পচনশীল সোনালি ব্যাগের উদ্ভাবক মোবারক আহমদ খান। তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে উদ্ভাবন করা হয়েছে সোনালি ব্যাগ। এটি হুবহু পলিথিনের মতো দেখতে হলেও পলিথিনের চেয়ে মজবুত। ব্যাগটি বাজারে আনতে সরকারের পক্ষ থেকে অর্থায়ন দরকার। অর্থায়ন পেলে দ্রুত বড় আকারে উৎপাদন সম্ভব।
অধ্যাপক লিয়াকত আলী বলেন, এই উদ্যোগ বাজারে আনতে ঘাটতি দেখা যাচ্ছে। আমলাতন্ত্র ও সরকারের উদ্যোগের বিলম্বের কারণে এটি আসতে পারছে না। তাঁর প্রত্যাশা, দ্রুত পদক্ষেপ নেবে সরকার।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো অধ্যাপক খাজা মোহাম্মদ সুলতান আজিজ বলেন, ‘যে সোনালি ব্যাগ উদ্ভাবন হয়েছে বেশ কয়েক বছর আগে, তা প্রদর্শিত হয় বিসিএসআইআরে। অনেক আশা নিয়ে আমি সেটি দেখেছিলাম। কিন্তু এতগুলো বছরে কিছুই করা হয়নি। আমি অবাক হচ্ছি, এই জিনিস থাকার পরও সরকার বা জনগণ এটি নিচ্ছে না। অথচ বছরের পর বছর বিভিন্ন ফোরামে এটি দেখানো হচ্ছে।’