পাঁচ জেলায় পানি বেড়েছে, নতুন এলাকা প্লাবিত

নদ-নদীর পানি বাড়ায় জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এসব জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। লালমনিরহাট ও নীলফামারীতে পানি কিছুটা কমেছে। পানি কমেছে সিলেট ও মৌলভীবাজারেও।
পানি বেড়ে যমুনার ভাঙনে মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চর চকরতিনা গ্রাম বিলীন হয়ে গেছে। গত সোমবার রাত থেকে যমুনা ফুঁসে ভাঙনের মুখে পড়ে চকরতিনা ছাড়াও পাশের কর্নিবাড়ি, শিমুলবাড়ি, ধনারপাড়া, কমরজাপাড়া, দীঘাপাড়া, ভাঙ্গুরগাছা গ্রাম। বসতভিটা হারিয়ে এসব গ্রামের প্রায় ১ হাজার ২০০ পরিবারের ছয় হাজার মানুষ হয়ে পড়েছে আশ্রয়হারা।
বন্যায় দেশের ১৩ জেলায় সাড়ে ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ জেলা বর্তমানে বন্যাকবলিত। উত্তরের পানি মধ্যাঞ্চলে নেমে এলে আরও নতুন জেলা প্লাবিত হতে পারে।
জামালপুরে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বেড়ে গতকাল বুধবার বিকেল চারটার দিকে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইসলামপুর-গুঠাইল, ইসলামপুর-উলিয়া, বলিয়াদহ-সিংভাঙা, মেলান্দহ-মাহমুদপুর সড়ক পানিতে তলিয়ে যোগাযোগব্যবস্থা অচল হয়ে গেছে।
সরিষাবাড়ীতে তারাকান্দি-ভূঞাপুর সড়ক বাঁধটি ভাঙনের হুমকির মুখে রয়েছে। এটি ভেঙে গেলে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড থেকে ১৯ জেলার সার পরিবহন বন্ধ হয়ে যাবে।
গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গতকাল পর্যন্ত সরকারি হিসাবে প্রায় ৭৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যমুনার প্রবল স্রোতে চরাঞ্চলে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ৪৮ ঘণ্টায় সারিয়াকান্দির পাঁচটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে।
গাইবান্ধার ৪ উপজেলার আরও ২৭টি ইউনিয়নের নতুন নতুন এলাকা গত ২৪ ঘণ্টায় প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা বিভিন্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ এবং উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের অন্তত ১০টি বাড়ি ও ২০ বিঘা জমি বিলীন হয়েছে।
কুড়িগ্রাম পাউবো সূত্র জানায়, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি গতকাল ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধরলার পানি ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেড়েছে তিস্তাসহ অন্যান্য নদীর পানিও।
কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান গতকাল বুধবার বন্যাকবলিত চিলমারী উপজেলার অষ্টমী চর, রমনা ও চিলমারী সদর ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি ত্রাণ বিতরণ করেন।
লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি কিছুটা কমেছে। গতকাল সন্ধ্যা ছয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিস্তার পানি কিছুটা কমায় নীলফামারীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে গত সোমবার
সকাল ছয়টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
সিলেট পাউবোর হিসাবে জেলায় বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি কমার গতি অত্যন্ত কম। এখনো জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার হাওর-সংলগ্ন এলাকার প্রায় তিন লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা; জামালপুর, সরিষাবাড়ী, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিলেট ও মৌলভীবাজার প্রতিনিধি]