পাখির জন্য ঘাসবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুথা ঘাসের বনে তিন প্রজাতির মুনিয়া। ঢাকার কেরানীগঞ্জ থেকে
ছবি: সানজীদ কাজী

প্রিয় কবি জীবনানন্দ দাশ বাংলাকে বলেছেন সবুজ ঘাসের দেশ। সেই ঘাসে নীড় বাঁধে পাখি, যা কিনা প্রেমিকার চোখের মতো। এ প্রসঙ্গে তাঁর বিখ্যাত ‘বনলতা সেন’ কবিতার কয়েকটি লাইন উল্লেখ করা যেতে পারে, ‘সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,/ তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতোদিন কোথায় ছিলেন?’/পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।’

সত্যিই বাংলাদেশ ঘাসের দেশ। শত শত প্রজাতির ঘাস রয়েছে আমাদের। পুরো পৃথিবীতে প্রায় ১২ হাজার প্রজাতির ঘাস রয়েছে এবং এসব ঘাস প্রজাতি একটি পরিবারের অন্তর্ভুক্ত। ফসিল গবেষণা থেকে জানা গেছে, প্রায় ৫৫ মিলিয়ন বছর আগে বিবর্তনের মাধ্যমে পৃথিবীতে ঘাসের উদ্ভব ঘটে। বাংলাদেশের ঘাস প্রজাতি নিয়ে বিভিন্ন বইয়ে বিক্ষিপ্তভাবে তথ্য আছে। তবে এ বিষয়ে একক ভালো বইয়ের অভাব রয়েছে। ঘাসসহ বন্য বীরুৎ–জাতীয় উদ্ভিদ নিয়ে বাংলাদেশের আগাছা প্রজাতি নামে একটি বই বেরিয়েছিল অনেক বছর আগে। তবে বইটিতে ঘাসের কোনো রঙিন ছবি নেই। আজকের লেখাটা সামগ্রিকভাবে ঘাস ও ঘাসনির্ভর পাখি নিয়ে। প্রকৃতিসহকর্মী ও গবেষক সীমান্ত দীপু অনুরোধ করেছেন ঘাস ও পাখি নিয়ে লিখতে।

আবহমান বাংলার ঘাসের সঙ্গে যেমন আমাদের পল্লির মানুষ, কবি ও প্রকৃতিপ্রেমীরা নিবিড়ভাবে ঘনিষ্ঠ, তেমনি পাখির জীবনও নির্ভরশীল এর সঙ্গে।

পাখিদের মধ্যে একটি দল আছে, যাদের বলা হয় গ্রাসল্যান্ড বার্ড বা ঘাসবনের পাখি। এসব পাখি ঘাসবনে বাসা বানায়। ঘাস, পাতা ও ফুল তাদের বাসা বানানোর উপকরণ। ঘাসবনই তাদের দিন ও রাতের আবাস। তা ছাড়া তাদের খাবার হলো এসব ঘাসের বীজ ও কচি পাতা। ঘাসে বসবাস করা কীটপতঙ্গ তাদের ছানাদের বিশেষ উপকারী খাদ্য। ঘাসফড়িং বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব পাখির ঠোঁট ঘাসবীজ খাওয়ার জন্য বিবর্তিত হয়েছে। সমতলে, মাঠে, নদীচরে, দ্বীপে, পতিত জমিতে, খোলা মাঠে, পাহাড়ের গায়ে, সড়কের পাশে কোথায় নেই ঘাস? বাতাসে ঘাসের বীজ চারদিকে ছড়িয়ে পড়ে। তা ছাড়া বৃষ্টির পানি বীজ ভাসিয়ে নিয়ে যায় নানান জনপদে। যে কারণে ঘাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে।

ঘাসের প্রজাতিগুলোর মধ্যে নল, উলু, ছন, কাশ, মুথা, পাহাড়ি কাশ, বিন্না, চাউলা ও ধানসী ঘাস মোটামুটি পরিচিত ও পাখিবান্ধব। হাওরের পাখির (দেশি মেটেহাঁস, নলফুটকি, কালিম, বিটার্ন) জন্য যেমন নল ও চাউলা ঘাস গুরুত্বপূর্ণ, তেমনি নদীর চরের পাখির (ছোট ক্যানপ্যাঁচা, বাবুই, শতদাগি ঘাসপাখি) জন্য কাশ ও ছন দরকারী। আবার উপকূলের পাখির (গুলিন্দা, প্রশান্ত সোনাজিরিয়া) জন্য নোনা জলের ধানসী অতি প্রয়োজনীয়। অন্যদিকে মাঠের ও পতিত জমির ঘাসবনে (মুথা, বিন্না,কাশ, ছন) মুনিয়া, বাংলাভরত, প্রিনা ইত্যাদি পাখির আবাস। তবে অনেক পোকাভোজী পাখি (শালিক, ছাতারে) এবং নিরামিশভোজী পাখি (ঘুঘু, পায়রা) ঘাসবনে বিচরণ করে। প্রায় সব প্রজাতির পাখিই তাদের বাসা বানানোর উপকরণ হিসেবে ঘাসের উপকরণ ব্যবহার করে।

ঘাসকে অনেকেই সাধারণ আগাছা বলে নির্মূল করেন। ঘাসবন প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শহরে কিছু গুচ্ছ এলাকায় ঘাসবন তৈরি করা যেতে পারে। লেকের চারদিকে নল, কাশ লাগানো যেতে পারে। এতে করে শহরের ঘাসবনের পাখির পদচারণ হবে। দেশে ঘাসবনের পাখি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করার সুযোগ রয়েছে।