পাখির রাজা গোল্ডক্রেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরূপ গোল্ডক্রেস্ট, জার্মানির গরলিটজ থেকে
ছবি: লেখক

‘তোমার সুন্দর ও শৈল্পিক সোনালি ক্রেস্টের স্মৃতি

একটি শেষ স্পর্শের জন্য অনুরোধ করবে।’

—চার্লস টেনিসন টার্নার

তখন পাতাঝরার দিন। তামাটে পাতায় ছেয়ে গেছে বনতল, ঘাসের লন, বনের প্রান্তর এবং কোথাও শহরের পিচঢালা পথ। এ সময়টা দারুণ উপভোগ করার মতো। মধ্য ইউরোপের প্রকৃতি বছরের এই সময়টাতে সবচেয়ে সুন্দর ও কাঙ্ক্ষিত প্রকৃতিপ্রেমীদের কাছে। এমন দিনে অনেক পাখি প্রকৃতিতে সহজেই দেখা যায়। কারণ, পাতা ঝরে গেলে লাজুক ও ছোট পাখিরা একটু দৃশ্যমান হয়।

একটি পাখি দেখার জন্য অধীর আগ্রহে অনেক দিন অপেক্ষা করছিলাম। অবশেষে শরতের এক দুপুরে তাকে পেলাম পাতা ঝরে যাওয়া একটি বৃক্ষের শাখায়। ছোট্ট পাখিটির একটি দল পায়চারি করছিল শাখায় শাখায়। মাঝেমধ্যে ছোট সুরের ডাক। ফাঁকে ফাঁকে খাবার সংগ্রহ। দলের একটি পাখি উড়ে দিক পরিবর্তন করলে অন্যগুলোও সে পথ অনুসরণ করে। পাখিটির রঙিন সোনালি মুকুট এতটাই মনোমুগ্ধকর, যা রোমান্টিকতার মধ্যে নিয়ে যায়।

গোল্ডক্রেস্ট (রেগুলাস রেগুলাস) কিংলেট পরিবারের একটি খুব ছোট প্যাসারিন পাখি। ইউরোপীয় লোককাহিনিতে এ পাখিটিকে ‘পাখির রাজা’ বলা হয়েছে। এর বৈজ্ঞানিক নামের অর্থ হলো রাজা বা নাইট।

লোককাহিনিতে আছে, একদা পাখিদের মধ্যে একটি প্রতিযোগিতা হয়েছিল যে তাদের রাজা কে হবে। এ প্রতিযোগিতায় যে পাখি সর্বোচ্চ উড়তে পারে, তাকে রাজা উপাধি দেওয়া হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল যেন ইগল সহজেই জিতবে, কিন্তু সে ক্লান্ত হতে শুরু করলে, ইগলের লেজের পালকের নিচে লুকিয়ে থাকা একটি ছোট পাখি আরও উঁচুতে উড়তে শুরু করে এবং বিজয় দাবি করে। এই কিংবদন্তি লোককাহিনি অনুসরণ করে ইউরোপীয়রা এ পাখিকে ‘পাখির রাজা’ বলে থাকেন। পাখিটির সৌন্দর্য সাহিত্যেও প্রভাব ফেলেছে। কবি চার্লস টেনিসন টার্নার ‘দ্য গোল্ড-ক্রেস্টেড রেন’ (The Gold-crested Wren) নামে কবিতা লিখেছেন এ পাখি নিয়ে। ১৮৬৮ সালে কবিতাটি প্রকাশিত হয়েছিল।

এ পাখির বেশ কটি ‍উপপ্রজাতি আছে। বেশ কিছু উপপ্রজাতি প্যালের্কটিক (Palearctic) ও ম্যাকারোনেশিয়ার (Macaronesia) দ্বীপে বাস করে। গোল্ডক্রেস্ট হলো ইউরোপের সবচেয়ে ছোট পাখি। দৈর্ঘ্যে ৮ দশমিক ৫ থেকে ৯ দশমিক ৫ সেন্টিমিটার এবং ওজন ৪ দশমিক ৫ থেকে ৭ গ্রাম। পাখিটির ওপরের অংশের পালক সবুজাভ এবং নিচের অংশ সাদা। মাথায় কালো রেখার মাঝে উজ্জ্বল সোনালি ক্রেস্ট বা মুকুট রয়েছে। ঠোঁট ছোট, পাতলা ও কালো। পা গাঢ় বাদামি। খাবারের তালিকায় আছে ছোট পোকা, মাছি, মাকড়সা ও ফুলের রেণু।

গোল্ডক্রেস্ট বনভূমি ও বাগানে বংশবৃদ্ধি করে। গাছের ডালে বাটির মতো তিন স্তরবিশিষ্ট বাসা তৈরি করে। ১০ থেকে ১২টি ডিম দেয়। স্ত্রী পাখি ডিমে তা দেয়। তবে উভয়ই ছানাদের খাওয়ানোর দায়িত্ব নেয়।

এটি পাতার মধ্যে অস্থিরভাবে চলাফেরা করে, নিয়মিতভাবে ডালে, ওপরে ও নিচের কাণ্ডে বিচরণ করে। গোল্ডক্রেস্টকে সাধারণত এর পরিসরের অন্যান্য ছোট পাখি থেকে সহজেই আলাদা করা যায়।

সৌরভ মাহমুদ, প্রকৃতিবিষয়ক লেখক ও পাখি গবেষক