
ভোর ছয়টায় মৌলভীবাজারের বরশীজোড়া বিট অফিসের সামনে হাঁটাহাঁটি করছিলাম। তখনো আকাশে কুয়াশার আভা লেগে আছে। ঠান্ডা হাওয়া ও সুনসান পরিবেশে নানা পাখির ডাকাডাকি ভালোই লাগছিল। হঠাৎ করেই ‘ঢেউ-চু-চু-পিউ-পিউ...’ শব্দ ভেসে উঠল। এদিক-ওদিক তাকিয়ে শেষ পর্যন্ত সেগুনগাছের মগডালে কুচকুচে কালো পাখিটার দেখা পেলাম। এক-দুটি নয়, পাঁচ-পাঁচটি পাখি। প্রথম দর্শনে পাখিরাজ ফিঙের মতো লাগলেও কণ্ঠে নানা ধরনের গান, মাথার ওপর অল্প চুল ও লেজের আকৃতি দেখে সহজেই একে পাখিরাজ ফিঙে থেকে পৃথক করা যায়। কুয়াশার কারণে ছবি ভালো হলো না। প্রায় ১০ মাস পর এক সকালে পাখিটাকে ফের দেখলাম নাইক্ষ্যংছড়িতে, পাহাড়ি তুলাগাছে। এক শীতের দুপুরে কাপ্তাই নেভি ক্যাম্পের পাশের বিশাল শিমুলগাছে প্রখর রোদে বেশ মজা করে শিমুল ফুলের রস পান করতে দেখলাম। বেশ কয়েকটি ছবি তুললাম। রস পান করা শেষে দ্রুত উড়ে কাপ্তাই লেকের দিকে চলে গেল। এ বছরের জুনে হবিগঞ্জের কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্যে ওকে দেখলাম মোহনীয় ভঙ্গিতে উড়তে।
এরা হলো বাংলাদেশের পাখিরাজ ফিঙের জাতভাই কেশরাজ (Spangled Drongo বা Hair-crested Drongo)। কেশরাজ ফিঙে বা কেশরী ফিঙে নামেও পরিচিত। Dicruridae গোত্রের অন্তর্ভুক্ত পাখিটির বৈজ্ঞানিক নাম Dicrurus hottentottus.
কেশরাজের ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত দৈর্ঘ্য ২৮-৩২ সেমি ও ওজন ৯৫ গ্রাম। একনজরে প্রাপ্তবয়স্ক পাখি চকচকে নীলাভ-কালো। মাথায় দু-চার গাছি সরু চুল। ডানা ও কাঁধ-ঢাকনি চকচকে নীল-সবুজ। লেজ সামান্য চেরা ও শেষাংশ প্রায় চারকোনা, যার বাইরে পালক দুটি চমৎকারভাবে শেষ প্রান্তে এসে বেঁকে গেছে। চোখ লালচে থেকে কালচে বাদামি। ঠোঁট, পা, পায়ের পাতা ও নখ কালো। আকারে স্ত্রী খানিকটা ছোট হয়। অপ্রাপ্তবয়স্ক পাখির পালক কিছুটা বাদামি, চাকচিক্য নেই, মাথায় চুলও নেই।
কেশরাজ দুর্লভ আবাসিক পাখি। দেশের সব প্রাকৃতিক বনেই দেখা মেলে। সচরাচর একাকী, জোড়ায় বা ছোট দলে বিচরণ করে। কীটপতঙ্গ ও ফুলের রস এদের প্রধান খাবার। তাই এরা গাছের ডালপালায় খাবার খোঁজে এবং উড়ে উড়ে নানা রকম উড়ন্ত কীটপতঙ্গ শিকার করে। এরা বেশ কোলাহলপ্রিয় ও নিজের ত্রিসীমানায় অন্যদের সহ্য করে না। সচরাচর ধাতব টানে ‘ঢেউ-চু-চু-পিউ-পিউ...ঢেউ-চু-চু-পিউ-পিউ...’ শব্দে ডাকে। অন্য পাখির ডাকও নকল করতে পারে।
মার্চ থেকে জুন এদের প্রজননকাল। স্বামী-স্ত্রী মিলে মাটি থেকে ৫-২০ মিটার উঁচুতে গাছের শাখার শেষ প্রান্তে বাটির মতো বাসা বানায়। বাসা তৈরিতে গাছের ক্ষুদ্র মূল, বাকল, ঘাস-লতা-পাতা ও মাকড়সার জাল ব্যবহার করে। স্ত্রী তিন-চারটি ঘিয়ে রঙের ডিম পাড়ে, যাতে কালচে-ধূসর ছিটছোপ থাকে। ডিম থেকে বাচ্চা ফুটতে ১৫-২০ দিন লাগে। ডিমে তা দেয়, বাচ্চাদের খাওয়ানো ও যত্ন করা সবকিছুই স্ত্রী-পুরুষ মিলেমিশে করে।