লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ওপর দিয়ে গত শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখীতে সাত শতাধিক পরিবার গৃহহারা হয়ে পড়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় দুই উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, পাটগ্রাম উপজেলার বাউরা ও কুচলিবাড়ি; হাতীবান্ধা উপজেলার বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজান ইউনিয়নের ঝড়ে বাড়িঘর, গাছপালা, প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের বাউরা বাজারের দুই পাশে বড় বড় গাছ উপড়ে পড়ায় মহাসড়ক দিয়ে প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে পড়েছে।
বাউড়া ইউনিয়নের নবীনগন গ্রামের সফিয়ার রহমান জানান, তাঁর দুটি টিনের ঘর ঝড়ে ভেঙে পড়েছে। বাউড়া ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া জানান, তাঁর ইউনিয়নে ঝড়ে পাঁচ থেকে ছয় শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে পড়েছে।
পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন গতকাল রোববার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এদিকে সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে গত শনিবার রাত সাড়ে ৯টায় আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ইরি-বোরো ধান, ভুট্টা, গাছপালা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়।
১০ মিনিটের এ ঝড়ে শহর ও গ্রাম এলাকার প্রচুর গাছপালা ভেঙে পড়ে এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেঙে পড়া গাছপালা সরিয়ে নিলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া উপজেলার কামারপুকুর, বাঙালিপুর, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর ও বোতলাগাড়ি ইউনিয়নে উঠতি ইরি-বোরো ধান মাটিতে নেতিয়ে পড়ে।