পাথরঘাটায় বেড়িবাঁধে ভাঙন লোকালয়ে জোয়ারের পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় পদ্মার বেড়িবাঁধের আটটি স্থানে ভাঙন শুরু হয়েছে। ভেঙে যাওয়া স্থান দিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে জোয়ারের পানি। গত তিন দিনে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচটি ইউনিয়নের অন্তত আটটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে ভাঙন শুরু হয়েছে। দিনে-রাতে দুবারের অস্বাভাবিক জোয়ারের পানি ভাঙা স্থান দিয়ে ঢুকে পড়ছে লোকালয়ে।
ভুক্তভোগী এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কে রয়েছেন স্থানীয় লোকজন। বাঁধসংলগ্ন এলাকার বাসিন্দা গৃহিণী মনিরা বেগম জানান, গত তিন দিনের জোয়ারে বাড়িঘরে পানি ঢুকেছে। বন্ধ রয়েছে রান্নাবান্না। স্থানীয় কৃষক আবুল কালাম বলেন, জোয়ারের পানিতে উপজেলার রুহিতায় আমনের বীজতলা তলিয়ে গেছে। এবার খুব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার বলেন, বেড়িবাঁধগুলোর ভাঙা স্থান মেরামত করার ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলাপ হয়েছে। পাউবো এসব বাঁধ দ্রুত মেরামতের উদ্যোগ নিচ্ছে।