পানি কমছে, নদীভাঙন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার পানি স্থিতিশীল থাকায় রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে

সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ কমছে না। পানি কমলেও নদীভাঙন চলছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে গতকাল বুধবার বাসস জানায়, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ ছাড়া ব্রহ্মপুত্র ও যমুনার তীরবর্তী গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়ার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। পদ্মার পানি স্থিতিশীল থাকায় রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আগামী কয়েক দিনে ব্রহ্মপুত্র ও পদ্মা অববাহিকার নদ-নদীগুলোতে পানি কমার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকার আশপাশে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যার পানি বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঢাকার বাইরে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় ১০টি নদ-নদীর সবগুলোতে পানি কমেছে। তবে গত দুদিনে যমুনার ভাঙনে ফুলছড়ি উপজেলার উত্তর খাটিয়ামারী চর, চন্দনস্বর, নিশ্চিন্তপুর, নামাপাড়া, কাবিলপুর ও কালাসোনা গ্রামের অর্ধশতাধিক ঘর বিলীন হয়েছে। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার গতকাল বলেন, পানি কমতে থাকায় নদীভাঙন বাড়ছে। ভাঙন রোধে সিংড়িয়া ও সাঘাটা এলাকায় প্রতিরক্ষামূলক কাজ চলছে।

শেরপুরে ব্রহ্মপুত্র নদ ও দশআনী নদীর পানি সামান্য কমেছে। বর্তমানে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার ৫৪টি গ্রাম বন্যাকবলিত হয়ে আছে। এসব গ্রামের ৪০ হাজার মানুষ এখনো পানিবন্দী। শেরপুর-জামালপুর মহাসড়কের পোড়ার দোকান এলাকায় ডাইভারশন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় চার দিন ধরে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে জামালপুর ও টাঙ্গাইল হয়ে ঢাকার সঙ্গে শেরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ফরিদপুরে বন্যার পানির তোড়ে গতকাল বিকেলে খুশির বাজার এলাকায় ফরিদপুর-চরভদ্রাসন সড়কের ৩০ ফুট অংশ ধসে গেছে। এর ফলে ফরিদপুরের সঙ্গে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ছয় দিন ধরে সড়কটির কয়েকটি স্থান আংশিক নিমজ্জিত আছে। এরপরও সড়কটি দিয়ে ভারী ট্রাক চলাচল বন্ধ না করায় ধসের ঘটনা ঘটল।

রাজবাড়ীর গোয়ালন্দে বন্যার পানি সামান্য কমলেও মানুষের দুর্ভোগ কমেনি। এখনো রাস্তাঘাট, ফসলি খেত ও জমি তলিয়ে আছে। গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীভাঙন বেড়েছে। সদর উপজেলার উড়াকান্দা, লালগোলা, চরজৌকুরী, মহাদেবপুরসহ কয়েকটি এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট সড়কের প্রায় ৪০ ফুট অংশ নদীভাঙনের কবলে পড়ে। এ ছাড়া ঘাট-সংলগ্ন কিছু খাবার হোটেল ও দোকান এবং ছয়টি পরিবারের বসতভিটা ও ঘর নদীগর্ভে বিলীন হয়। গতকাল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারিভাবে ১৫ মেট্রিক টন চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়।

দুই জেলায় মন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গতকাল সকালে ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। এ ছাড়া দলীয়ভাবে ত্রাণ বিতরণের অংশ হিসেবে চিলমারী উপজেলার কয়েকটি স্থানে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে দুপুরে সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। আগের দিন বিকেলে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী।