পানি কমছে, বাড়ছে কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জের বন্যাকবলিত এলাকায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশনের ব্যবস্থা। পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য টিউবওয়েল ও শৌচাগার। পানিতেই সারতে হচ্ছে প্রাকৃতিক কাজ। আর বন্যাকবলিত মানুষ দূর থেকে পানি এনে কিংবা বন্যার পানিই ব্যবহার করছে নিত্যপ্রয়োজনীয় কাজে। এর ফলে জ্বর, পেটের পীড়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা।

গতকাল শুক্রবার বেলা দেড়টায় ডাঙ্গাপাড়া গ্রামে গেলে গৃহবধূ লায়লা বেগম (৩৫) বলেন, ‘টিউবওয়েলটা ডুবি নষ্ট হইচে। ঘরোত খাবার পানি নাই। চিকিৎসা কইরার টাকা নাই। ছাওয়া দুইটার পেটের ব্যথা, জ্বর হইচে। পায়খানাটাও (শৌচাগার) ভাঙি গেইচে। পানিতে হামাক পেসাব-পায়খানা করিবার নাগেছে তা-ও কায়ও খোঁজ নেওছে না।’

চিকলী গ্রামের আরেক গৃহবধূ মির্জা বেগম (৩০) বলেন, ‘ভাইজান, পানি যত কমছে, হামার কষ্ট-দুর্ভোগ তত বাড়ছে। পচা পানি আর পেসাব-পায়খানার দুর্গন্ধে বাড়িত থাকা যাওছে না। জ্বর, মাথাব্যথাও হওচে।’

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে ২ হাজার হেক্টরের আমনখেত। ভেসে গেছে ছয় কোটি টাকার মাছ। অসংখ্য কাঁচা শৌচাগার ও নলকূপ পানিতে ডুবে যাওয়ায় ব্যবহার করা যাচ্ছে না। এর ফলে ভেঙে পড়েছে পয়োনিষ্কাশনের ব্যবস্থা।

গতকাল পাতিলভাঙা, বালাপাড়া, মধুরামপুর, পোড়াবাড়ি, কাঁচনা শাহ্পাড়া, দোয়ালীপাড়া, চিকলীপাড়া, মানবমঙ্গল, ডাঙ্গাপাড়া, পাশারিপাড়া, মামুনপাড়া, নারায়ণজন, জলুবার, মাছুয়াপাড়া, পালপাড়া, জুম্মাপাড়া, মণ্ডলপাড়া, হাঁড়িকাটা, রহিমাপুর মণ্ডলপাড়া গ্রাম ঘুরে বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যায় নলকূপ তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শৌচাগার নষ্ট হওয়ায় যত্রতত্র মলমূত্র ত্যাগ করতে হচ্ছে।

কাঁচনা শাহপাড়া গ্রামের মালতি বালা (৩৩) বলেন, ‘মোর ঘরের সামনোত-পেছনোত পায়খানা ভাসি বেরাওছেল। দুর্গন্ধে বাড়িত থাকা যাওছে না। ছাওয়াগুলাও থাকি থাকি বমি করোছে, অসুখ-বিসুখও হওচে।’

ওই গ্রামের বন্যা-আক্রান্ত পারভিন বেগম ও মিনারা বেগম বলেন, ‘তেমন কোনো সহায়তা পাইনি। দুই কেজি চাল আর উপজেলা চেয়ারম্যানের দেওয়া খিচুড়ি পাইছি।’

আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদের বলেন, বন্যার পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ বাড়ছে। মলমূত্রের দুর্গন্ধে নারী-পুরুষ, শিশুরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা নানা রোগে আক্রান্ত হচ্ছে। শৌচাগার, নলকূপ নষ্ট হওয়ায় তাদের পানিতে পায়খানা করতে হচ্ছে। বিষয়টি সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে জানানো হয়েছে। কিন্তু সমস্যা সমাধানে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘তারাগঞ্জের বানভাসি মানুষ সত্যি কষ্টে আছে। প্রয়োজনের তুলনায় সরকারি বরাদ্দ কম হওয়ায় আমি ব্যক্তিগত উদ্যোগে বন্যাদুর্গতদের মধ্যে খিচুড়ি বিতরণ করেছি। খাবার পানির সমস্যা সমাধান ও স্যানিটেশন ব্যবস্থারও উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে।’ ইউএনও জিলুফা সুলতানা বলেন, বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। সৈয়দপুর সেনানিবাসের একটি চিকিৎসা দল ফাজিলপুর উচ্চবিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প বসিয়ে বন্যার্ত মানুষের মধ্যে ওষুধ বিতরণ করেছে।