পানি কমলেও দুর্ভোগ কমছে না
গাইবান্ধায় ৩৬ হাজার কৃষকের ফসল নষ্ট ,ধুনটে বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত
শেরপুরে প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর অভাব,জামালপুর ও সিরাজগঞ্জে ছড়াচ্ছে রোগ
প্রধান নদ-নদীগুলোর পানি কমা অব্যাহত রয়েছে। এতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও সামান্য উন্নতি হচ্ছে। কিন্তু দুই সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দী হয়ে থাকা লাখো মানুষের দুর্ভোগ কমছে না। বাঁধ ও উঁচু সড়কে আশ্রয় নিয়ে থাকা মানুষ বাসায় ফিরতে শুরু করলেও খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানির অভাবে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গতকাল বুধবারও অনেকে অভিযোগ করেন, এ কয়েক দিনে কোনো ধরনের ত্রাণসহায়তা পাননি। দুর্ভোগের সঙ্গে বাড়তি যোগ হয়েছে নদীভাঙন ও রোগ-ব্যাধি। এদিকে পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ফসলের ব্যাপক ক্ষতির দিকটি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরাত দিয়ে গতকাল বাসস জানায়, আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, মেঘনার পানি কমা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ৪৮ ঘণ্টায় বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও মানিকগঞ্জের বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে পারে। এখনো ১০টি স্থানে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধায় ক্রমশ বন্যার উন্নতি হচ্ছে। অনেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছে। তবে চরাঞ্চল এখনো ডুবে থাকায় সেখানকার মানুষ ফিরতে পারছে না। পানিতে ডুবে থাকা সড়কগুলো জেগে না ওঠায় যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক গতকাল জানান, দীর্ঘদিন ডুবে থেকে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার ৩০টি ইউনিয়নের ৩৬ হাজার কৃষকের তিন হাজার ৪২৯ হেক্টর ফসলি জমি নষ্ট হয়ে গেছে।
জেলায় ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম। এদিকে ১৩টি স্থানে শুরু হয়েছে ব্যাপক নদীভাঙন। গত দুই দিনে নদীগর্ভে বিলীন হয়েছে দেড় শতাধিক বাড়িঘর।
বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীর প্রবল স্রোতে সুঘাট ইউনিয়নের সাহেববাড়ী ঘাট ও চককল্যাণী গ্রামের বেড়িবাঁধে ধস নেমেছে। গত দুই দিনে সাহেববাড়ী ঘাটের ২০০ মিটার ও চককল্যাণীর ১০০ মিটার বাঁধের একাংশ নদীতে ধসে যায়। সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, এই ধস চলতে থাকলে পার্শ্ববর্তী দেড় শ গ্রামের বাড়িঘর ও ফসল নিমজ্জিত হবে। গতকাল তলিয়ে গেছে জয়নগর গ্রামের প্রায় দেড় শ হেক্টর রোপা আমনখেত।
ধুনটে যমুনার পানি ৩০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরই মধ্যে ধসে যাওয়া বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে উপজেলার এলাঙ্গী, চৌকিবাড়ী, গোপালনগর, মথুরাপুর ধুনট সদরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গোপালনগর ইউনিয়নের কোনাগাতী রাস্তার দুটি স্থানে ভেঙে গেছে। এ ছাড়া এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের ভেতরগাড়ী খালে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধ পড়েছে হুমকিতে।
ওই ইউনিয়নের তারাকান্দি গ্রামের কৃষক হবিবর রহমান বলেন, এলাকার দুই হাজার লোক ফসল রক্ষায় বাঁধটি টিকিয়ে রাখতে চার দিন ধরে লড়াই করছে। শেষরক্ষা করতে না পারলে সবাইকে পথে বসতে হবে। সরকারি হিসাবে, ধুনট উপজেলায় দুই হাজার ছয় শ বাড়িঘর পুরোপুরি এবং ৩০ হাজার ১২৫টি বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে নয় হাজার ৪০০ হেক্টর জমির ফসল। এখনো ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বন্ধ।
ব্রহ্মপুত্রের পানি কমায় শেরপুর জেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। শেরপুর সদর উপজেলার নদসংলগ্ন পাঁচটি ও শ্রীবরদী উপজেলার দুটি ইউনিয়নের অর্ধশত গ্রামের পানি কমলেও বিস্তীর্ণ রোপা আমন ও আধা-পাকা আউশখেত এখনো রয়েছে নিমজ্জিত হয়ে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন বলেন, বন্যার কিছু উন্নতি হলেও বন্যা ও নদীভাঙনের শিকার মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী প্রয়োজন। চরাঞ্চলের বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ হয়ে পড়েছে কর্মহীন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, জেলার আট হাজার ৩৭৭ হেক্টর জমির রোপা আমন, ১১০ হেক্টর জমির আউশ ও ৭৭ হেক্টর জমির সবজি তলিয়ে আছে। পানি সম্পূর্ণ নেমে গেলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণ করা সম্ভব হবে।
জামালপুরের সরিষাবাড়ীতেও বন্যার উন্নতি হয়েছে। কিন্তু গত ১৫ দিন ধরে উপজেলার অর্ধশত গ্রামের প্রায় ১৩ হাজার পানিবন্দী মানুষ যথেষ্ট ত্রাণ না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। দেখা দিয়েছে জ্বর, ডায়রিয়াসহ পানিবাহী নানা রোগ।
উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ১২টি গ্রামের তিন হাজার পরিবার পানিবন্দী থাকলেও মাত্র চার শ জনকে ১০ কেজি করে ত্রাণ হিসেবে চাল দেওয়া হয়েছে। দামদতপুর গ্রামের বন্যাদুর্গত আবদুস সালাম বলেন, ‘আমগো কেউ খোঁজ নেয়নি। কাজও নাই। এহন আমরা কী কইরা খামু।’ চর রৌহা গ্রামের আলম মিয়া বলেন, ‘আমার ছয় বিঘা জমির ধান বানের পানিতে খাইয়ে গেছে। কেউ আমগো সাহায্য দেয় নাই।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রকিবুল ইসলাম বলেন, যে ত্রাণ দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
যমুনার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সিরাজগঞ্জে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার কমে। জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও কমা শুরু করেছে। কাজিপুরে রিং বাঁধ ভেঙে মেঘাই গ্রামের কয়েক শ পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। পানি বের হওয়ার রাস্তা না থাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার মুখে রয়েছে গ্রামবাসী। তারা পাম্প করে পানি বের করে দেওয়ার দাবি তুলছে।
জেলার বন্যাদুর্গত লোকজন খাবার ও পানির সংকটে থাকার পাশাপাশি অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছে। দুর্বিষহ হয়ে উঠছে তাদের জীবনযাপন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ; গাইবান্ধা, শেরপুর, ধুনট ও শেরপুর (বগুড়া) এবং সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি]