পানিতে দিশেহারা নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতের ভারী বর্ষণে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সকালে রাস্তায় নেমেই ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীসহ নগরবাসীকে। ছবিটি গতকাল ধানমন্ডি ২৭ নম্বর থেকে তোলা l সাবিনা ইয়াসমিন
রাতের ভারী বর্ষণে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সকালে রাস্তায় নেমেই ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীসহ নগরবাসীকে। ছবিটি গতকাল ধানমন্ডি ২৭ নম্বর থেকে তোলা l সাবিনা ইয়াসমিন

উন্নয়নকাজের জন্য রাস্তা কেটে রাখা, সংস্কারের অভাবে সড়কে খানাখন্দ আর পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা—এই তিন কারণ রাজধানী ঢাকাকে গতিহীন করে দিয়েছে। গতকাল বুধবার ঢাকাবাসী এই তিনের সমন্বয়ে ভোগান্তির চরম রূপ দেখেছে। গাবতলী থেকে আজিমপুর, মিরপুর থেকে গুলিস্তান কিংবা উত্তরা থেকে যাত্রাবাড়ী—সব পথই হয়ে ওঠে দুর্বিষহ। রাস্তায় নেমে অসহায় নগরবাসী দিশেহারা বোধ করেছে।

বিয়াম ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষ গতকাল সকালে অভিভাবকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানায়, ভারী বৃষ্টির কারণে গতকালের শিক্ষা কার্যক্রম বন্ধ।

একই পরিস্থিতি ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে। তারা খুদে বার্তা পাঠিয়ে গতকালের পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। কর্মজীবীদের পানিতে হেঁটে, ভেঙে ভেঙে যানবাহনে যাতায়াত করতে দেখা গেছে। প্রথম আলোর তিনজন প্রতিবেদক গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে অনেক বাস-অটোরিকশা বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছেন। যাত্রীসহ রিকশা উল্টে যাওয়ার করুণ দৃশ্যও চোখে পড়েছে।

সড়ক ঠিক রাখার মূল দায়িত্ব ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের। আর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসার। তাদের সহযোগী বা উন্নয়নকাজে সংশ্লিষ্টতা আছে আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠানের সূত্র, বিশেষজ্ঞ আর সরেজমিন অভিজ্ঞতা বলছে, প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে তাদের উন্নয়ন কার্যক্রম উল্টো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মূল সড়ক, গলিসহ দুই সিটি করপোরেশনের অধীনে সড়ক আছে ২ হাজার ২০০ কিলোমিটার। প্রতিবছর বেহাল সড়কের হিসাব তৈরি করে তা মেরামতের জন্য পরিকল্পনা করে সিটি করপোরেশন। এই পরিকল্পনা অনুসারে, দুই সিটিতে ৫১৯ কিলোমিটার সড়ক বেহাল, অর্থাৎ মেরামত করতে হবে। এর মধ্যে উত্তরে ২৫০ এবং দক্ষিণে ২৬৯ কিলোমিটার।

তবে দুই সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ভারী বর্ষণ, অপরিকল্পিত সড়ক কেটে রাখা এবং বড় বড় প্রকল্পের নির্মাণ কার্যক্রমের কারণে রাজধানীর অর্ধেক সড়কই এখন বেহাল হয়ে পড়েছে।

গতকাল সরেজমিনে মিরপুর, গাবতলী, রামপুরা, মগবাজার, মালিবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী এলাকার সড়কে সবচেয়ে বেশি গর্তও দেখা গেছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, গত শুষ্ক মৌসুমে রাজধানীতে প্রায় ৫০০ স্থানে সড়ক খোঁড়াখুঁড়ি শুরু হয়। বর্ষার আগেই তা শেষ করার কথা।

কিন্তু পুরো মিরপুর এলাকায় সড়ক কেটে ফেলে রাখতে দেখা গেছে। বর্ষার পানিতে কোনটা গর্ত আর কোনটা সমতল, তা আলাদা করার জো নেই। কারণ, গর্ত চিহ্নিত করার কোনো ব্যবস্থা নেই। আসাদগেট থেকে গাবতলী পর্যন্তও একই দশা। মালিবাগ, মৌচাক ও মগবাজার এবং মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচের এলাকা যেন স্থায়ী নালায় পরিণত হয়েছে। পুরান ঢাকা, উত্তরা ও প্রগতি সরণি এই দুর্ভোগের বাইরে নয়। কিছু কিছু স্থানে সড়ক কেটে করা গর্ত ভরাট হলেও তা আগের অবস্থা ফিরে পায়নি। সর্বত্র কাদামাটি আর নির্মাণসামগ্রীর স্তূপ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এই বৃষ্টিপাত কমতে পারে।
বুধবার রাত থেকেই বর্ষার পানি জমতে শুরু করে নগরের সড়কে। মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি ২৭ নম্বর এলাকা, শুক্রাবাদ, সোবহানবাগ, মালিবাগ, মৌচাক, শান্তিনগর ও যাত্রাবাড়ী এলাকার মানুষের ঘর থেকে বের হওয়ারই জো ছিল না। এসব এলাকার সড়কে হাঁটুপানি জমে ছিল। এসব এলাকার সড়কে যানবাহনও আটকে যায়। যানজটের কারণে এক ঘণ্টার যাত্রা তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লেগেছে। পুরো দিনটাই জলাবদ্ধতা, যানজট আর ভোগান্তি সঙ্গী করে চলেছে মানুষ।
জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ ও স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, আকাশ থেকে বৃষ্টি পড়ার পর এর কিছু অংশ মাটির নিচে চলে যাবে। বাকিটা দ্রুত নদী, খাল বা জলাশয়ে চলে যাওয়ার ব্যবস্থা করাই হচ্ছে নগর কর্তৃপক্ষের কাজ। কিন্তু ঢাকায় এই কাজের ব্যর্থতার জন্য সিটি করপোরেশন ওয়াসাকে, ওয়াসা জেলা প্রশাসনের ওপর দায় চাপায়। অথচ প্রত্যেকেই কিন্তু টাকা খরচ করছে, প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু এর সুফল পাওয়া যাচ্ছে না। সবাই একসঙ্গে দায়িত্ব না নিলে, সমন্বয় না করলে জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে না।

আর সড়কের দুরবস্থা সম্পর্কে ইকবাল হাবিব বলেন, জুন-জুলাইয়ে নতুন বাজেট থাকার কারণে মার্চের পর উন্নয়ন আর মেরামতের হিড়িক পড়ে। এই তড়িঘড়ি উন্নয়ন সমস্যার কেবল স্থানান্তরই ঘটায়। আর মেরামত জলে ভেসে যায়। স্থায়ী সমাধান হয় না। উন্নয়ন ও মেরামত টেকসই করতে হবে। নতুবা সমস্যা থেকেই যাবে।

ওয়াসা ও সিটি করপোরেশনের দায়

ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বছরই প্রায় ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর বাইরে নালা, সড়ক ও ফুটপাতের দৈনন্দিন মেরামতে প্রায় ১৮০ কোটি টাকা খরচ করে।

সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ প্রথম আলোকে বলেন, খোঁড়াখুঁড়ি ও বর্ষার পানি জমে যাওয়ার কারণে সড়ক বেশি বেহাল হচ্ছে। তাঁরা এখন চালু রাখার মতো মেরামত করছেন। শুকনো মৌসুমে মূল মেরামতকাজ শেষ হবে। সারা বছর খোঁড়াখুঁড়ি ও কাটা স্থানের ভরাট আগের অবস্থায় ফিরে না যাওয়ার বিষয়ে তিনি বলেন, বর্ষার আগেই শেষ করার নির্দেশনা আছে। বিদেশি অর্থায়নের প্রকল্প হলে তা মানা যায় না। একবার সড়ক কেটে ফেললে আগের অবস্থায় নেওয়া যায় না। এগুলো বাস্তবতা। তা মেনেই কাজ করতে হচ্ছে।

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এখন ১ হাজার ৪৮৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর বাইরে সংস্থাটি দৈনন্দিন মেরামতেও ব্যয় করছে। সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গত বছর তাঁরা ২০৬ কিলোমিটার সড়ক মেরামত করেছেন। আগামী বছর প্রায় পৌনে ৩০০ কিলোমিটার সড়ক মেরামত করা হবে। যাঁরা এভাবে রাস্তা কেটে ফেলে রাখছেন, তাঁদের কাছ থেকে দ্বিগুণ ক্ষতিপূরণ আদায় করা হবে বলে তিনি জানান।

ঢাকার পয়োনিষ্কাশনের দায়িত্ব হচ্ছে ওয়াসার। রাজধানীর সড়কে ১০-১২ ঘণ্টা পানি জমে থাকার কারণ সম্পর্কে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, পানি যাওয়ার পথ ভরাট হয়ে আছে। সরতে সমস্যা হচ্ছে। পানি যাওয়ার পথ আটকে রাখা যাবে না, কোনো খাল ভরাট করা যাবে না, বক্স কালভার্ট করা যাবে না—এটা সবাইকে মানতে হবে। তিনি আরও বলেন, দৃশ্যমান ২৬টি খালের মধ্যে ১৩টি খালের পাড় বাঁধাই করা হয়েছে, পায়ে চলার পথও আছে। সব কটিকে এর আওতায় আনার চেষ্টা হচ্ছে। তবে সমস্যা হচ্ছে দখলমুক্ত করার পর আবার দখল হয়ে যায়। বর্তমানে ঢাকা ওয়াসা, জেলা প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে।

গর্তে ভরা সড়কে গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ দুরূহ

সরেজমিনে দেখা গেছে, শ্যামলী থেকে গাবতলী সেতু পর্যন্ত পুরোটা পথেই বড় বড় গর্ত। দারুস সালাম মসজিদের সামনে, টেকনিক্যাল মোড়ের কাছে, মাজার রোড ও গাবতলী সেতুর মুখে সড়কের দুই দিকেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও মাটি কেটে গর্ত করে রাখা হয়েছে, কিছু স্থানে গর্ত ভরাট হলেও তা আগের অবস্থানে যায়নি। আর পুরো পথেই সড়কে পানি, কাদামাটি ও নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

সকাল ১০টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর কল্যাণপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, সাভার বাসস্ট্যান্ড থেকে বাসে চেপে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে দেড় ঘণ্টার জায়গায় তাঁর পাঁচ ঘণ্টা লেগেছে।

দুপুরে গাবতলী এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী যানবাহনগুলো গাবতলী সেতু থেকে নেমেই বড় গর্তের কারণে আটকে যাচ্ছে। একই অবস্থা মাজার রোডেও। ট্রাক সড়কে রেখে আস্ত ইট ফেলতে দেখা যায় এসব গর্তে।

জানতে চাইলে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (পশ্চিম) লিটন কুমার সাহা প্রথম আলোকে বলেন, মানিক মিয়া অ্যাভিনিউ এবং এর আশপাশে জলাবদ্ধতার কারণেই দুর্ভোগের সৃষ্টি। খানাখন্দও কারণ। বৃষ্টিতে ভিজে পুলিশ সাধ্যমতো চেষ্টা করেছে।

দুপুর পর্যন্ত ধানমন্ডি এলাকা বন্দী

রাতভর বৃষ্টিতে গতকাল দুপুর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রিনরোড, ধানমন্ডি ও শ্যামলীর অনেক রাস্তা ছিল পানিতে থইথই। মিরপুর রোডে রাপা প্লাজার সামনে থেকে আসাদগেট পর্যন্ত সড়ক কোমরপানিতে ডুবে ছিল। মানিক মিয়া অ্যাভিনিউর দুই পাশের সড়কগুলোও ছিল ফুট দেড়েক পানির নিচে। তবে দুপুর ১২টার পর পানি সরে যায়।

সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সোবহানবাগ সড়ক থেকে ফিরে আসেন আয়েশা হাফিজ। প্রথম আলোকে বললেন, পুরো রাস্তাই পানিতে ডুবে ছিল। ধানমন্ডিতে ২৭ নম্বর সড়কে মেয়ের স্কুল।

ধানমন্ডি ২৭ নম্বর সিগন্যালে সড়ক বিভাজকের ওপর তৈরি পুলিশ বক্সেও গতকাল বৃষ্টির পানি ঢুকে যায়। পুলিশের রেকারচালক মো. কিরণ বলেন, ধানমন্ডি ২৭ থেকে আসাদগেট পর্যন্ত জলাবদ্ধতার কারণে গতকাল সাত-আটটি বাস, ট্রাক ও অটোরিকশা বিকল হয়ে পড়ে। রেকার দিয়ে সেগুলো উদ্ধার করা হয়।

প্রগতি সরণি ধরে মতিঝিল যাওয়া দায় ছিল

গতকাল দিনভরই ফকিরাপুল, রাজারবাগ, সার্কিট হাউস রোড, মালিবাগ মোড়, মৌচাক ও রামপুরা এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল টিঅ্যান্ডটি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দেড় থেকে দুই ফুট পানি জমে ছিল। সেখানে আধা ঘণ্টার মধ্যে তিনটি রিকশা উল্টে যেতে দেখা যায়। নয়াপল্টনের দিক থেকে কমলাপুর যাওয়ার পথে রিকশা উল্টে ব্যথা পায় আট বছরের নওরীনসহ তার মা। স্কুলব্যাগও ময়লা পানিতে পড়ে যায়। টিঅ্যান্ডটি প্রাথমিক বিদ্যালয়ের প্রহরী জানান, পানির কারণে শিক্ষার্থী কম এসেছে।

দুপুরে রাজারবাগ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সামনের রাস্তায় পানি জমে থাকতে দেখা যায়। সড়কটি এতই বেহাল যে যানবাহন চলছিল হেলেদুলে। এ সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে যেতে যেতে রক্ষা পায়।

নতুন বাজার, বাড্ডা হয়ে আসা সুপ্রভাত, তরঙ্গ, তুরাগসহ যাত্রীবাহী পরিবহনের বাসগুলো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ময়লা পানি ছিটকে গিয়ে পড়ছে রিকশায় থাকা যাত্রীদের গায়ে।