পানির নিচে বাজার-রাস্তা-বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানিতে নিমজ্জিত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পুশাইনগর-নবাবগঞ্জ সড়ক। সড়কের ভুকশিমইল ইউনিয়নের মদনগৌড়ী এলাকা থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বন্যার পানিতে নিমজ্জিত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পুশাইনগর-নবাবগঞ্জ সড়ক। সড়কের ভুকশিমইল ইউনিয়নের মদনগৌড়ী এলাকা থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

কুশিয়ারা নদী দিয়ে ভেসে যাচ্ছে একটি মরা গরু। নদীর তীরেই ৩০০ বছরের ঐতিহ্যবাহী মীরগঞ্জ বাজার। এ বাজারের আড়াই শতাধিক দোকানের বেশির ভাগই পানির নিচে। আশপাশের অন্তত নয়টি গ্রামের অধিকাংশ বাড়িঘরে ঢুকেছে পানি। তাই কেউ মাচা বেঁধে থাকছেন, কেউ গ্রাম ছেড়ে চলে গেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।

গতকাল মঙ্গলবার বেলা পৌনে দুইটায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে এ চিত্র দেখা যায়। বাজারের জলমগ্ন রাস্তায় প্রবল স্রোতের তোড় ঠেলে এগিয়ে চলা শেখপুর গ্রামের বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব নুরুল আম্বিয়া নদীতে ভাসমান মরা গরুটি দেখিয়ে বলেন, ‘হয়তো স্রোতের তোড়ে গরুটি মারা গেছে! তবে যেখানে মানুষেরই জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, সেখানে এ দৃশ্য একেবারেই স্বাভাবিক!’

স্থানীয় লোকজন জানিয়েছেন, ১৫ দিন আগে ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারের পাশ দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর পানি উপচে পাশের শেখপুর, ফতেপুর, হাওরতলা, মাসুরা, কমিয়া পাতন, ছিলিমপুর, কাওয়াটিকি ও গোয়াশপুর গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের ভেতরের অধিকাংশ গ্রামীণ রাস্তা ডুবে যাওয়ায় গ্রামবাসী অনেকটাই যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

বেলা আড়াইটার দিকে মীরগঞ্জ বাজারে কাঁখে কলসি নিয়ে চল্লিশোর্ধ্ব এক নারীকে হেঁটে যেতে দেখা যায়। তিনি জানান, বাজারের দুটো নলকূপ পানিতে ডুবে যাওয়ায় পাশের মাদ্রাসা থেকে পানি সংগ্রহ করতে যাচ্ছেন। বাজারের মিষ্টি ব্যবসায়ী দিপলু দাশ (৩০) জানান, তাঁর দোকানে বুকসমান পানি। তাই জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়েছেন। ব্যবসা বন্ধ থাকায় তিনি পরিবার নিয়ে আর্থিক সমস্যায় পড়েছেন।

সায়মন টেলিকমের স্বত্বাধিকারী মো. আব্দুর রাজ্জাক জানান, বন্যার আগে তাঁর দোকানে গড়ে প্রতিদিন ১৫ হাজার টাকার বিক্রি হতো। এখন সেটা ১০০ থেকে ২০০ টাকায় দাঁড়িয়েছে। শাহজালাল ফার্মেসির স্বত্বাধিকারী হাবিবুর রহমান জানান, রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় বেচাকেনা সেভাবে হচ্ছে না। তবে বন্যার কারণে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ায় স্যালাইনসহ এ-সম্পর্কিত টুকটাক কিছু ওষুধ বিক্রি হচ্ছে।

এলাকার একাধিক মানুষ জানিয়েছেন, ভাদেশ্বর ইউনিয়নের ৮টি গ্রাম ছাড়াও নদীর পানি উপচে উপজেলার ৬টি ইউনিয়নের অন্তত ৯০টি গ্রাম প্লাবিত হয়েছে।

পনাইরচর গ্রামের কৃষক ইদ্রিস আলী (৪৫) জানান, তাঁর ঘরে হাঁটুসমান পানি। চৌকির ওপর চৌকি বসিয়ে তাঁরা ঘুমাচ্ছেন। তাঁর গ্রামের রাস্তায়ও হাঁটু থেকে কোমরসমান পর্যন্ত পানি। ফতেপুর গ্রামের প্রবাস-ফেরত আল হিলাল আহমদ (৫২) জানান, তাঁর গ্রামের রাস্তাটি পানিতে পুরোপুরি তলিয়ে গেছে। এর বাইরে অন্তত ২০টি বাড়িতে হাঁটুসমান পানি দেখা দিয়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। একই গ্রামের কৃষিজীবী লেবু মিয়া (৪৫) জানান, বাড়িতে পানি দেখা দেওয়ায় সাপের উপদ্রব বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, মীরগঞ্জ বাজারের ঠিক পাশেই মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় এবং মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসা। তিনটিতেই বন্যার পানি উঠে পড়ায় পাঠদান কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে দুপুর সাড়ে ১২টার দিকে একাডেমিক ভবন থেকে পানি সেচে সরানোর বৃথা চেষ্টা করতে দেখা গেছে। দপ্তরি মিলন কুমার দাশ জানান, ঈদের ছুটির পর গত শনিবার বিদ্যালয় চালু হলেও কোনো শিক্ষার্থী আসেনি। এ বিদ্যালয়ে ৩৩২ জন শিক্ষার্থী রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল বলেন, বন্যায় উপজেলার ৮টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা এবং ৪৩টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলতাফ হোসেন বলেন, বন্যায় উপজেলার ৯০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ১৩ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। বন্যার্তদের ত্রাণ সহায়তাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে। যদিও উপজেলায় পানিবন্দী মানুষের সংখ্যা অন্তত ৪০ হাজার হবে বলে স্থানীয় লোকজন মনে করছেন।