পান্থামুখীর খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি উড়ন্ত পান্থামুখী হাঁস। রাজশাহীর পদ্মা নদী থেকে ছবিটি তুলেছেন মো. মারুফ রানা
দুটি উড়ন্ত পান্থামুখী হাঁস। রাজশাহীর পদ্মা নদী থেকে ছবিটি তুলেছেন মো. মারুফ রানা

ভটভট শব্দে পদ্মা নদীর বুক চিরে ছুটে চলেছে নুরুল মাঝির ট্রলার। আমরা কজন সোনাজঙ্গার সন্ধানে চর মাজারদিয়ারের বিভিন্ন পয়েন্টে ঘুরে বেড়াচ্ছি। চরের একটি ছোট্ট খাঁড়িতে অনেকগুলো হাঁস দেখে ট্রলার থামালাম। ক্যামেরায় জুম করে দেখলাম পাতারি ও পিয়ং হাঁসের মেলায় সাদা-কালো-তামাটে-সবুজ রঙের দুটো হাঁস মাথা গুঁজে ঘুমুচ্ছে। ঘুমন্ত অবস্থায় ওদের ভালো ছবি তোলা হলো না। দিন বিশেক আগেও আমাদের সঙ্গী মারুফ রানা এই হাঁসগুলোর চমৎকার উড়ন্ত ছবি তুলেছিলেন। আমি প্রথম ওদের দেখি ১৯৯৮ সালে এদের মূল আবাসভূমি কানাডায়। এরপর বহুবার দেখেছি বাইক্কা বিল ও টাঙ্গুয়ার হাওরে।

বেলচা ঠোঁটের চমৎকার এই হাঁসগুলো হলো সচরাচর দৃশ্যমান পরিযায়ী পাখি পান্থামুখী। ইংরেজিনাম Shoveler বা Northern Shoveler। Anatidae গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম spatula clypeata. বৈজ্ঞানিক নামের অর্থ হলো বর্মধারী হাঁস।

পান্থামুখী লম্বায় ৪৪-৫২ সেন্টিমিটার, প্রসারিত ডানা ৭৩-৮২ সেন্টিমিটার। প্রজননকালে হাঁসা-হাঁসি দেখতে আলাদা। এ সময় খয়েরি-বাদামি হাঁসার মাথা ও ঘাড়-গলা চকচকে সবুজ হয়ে যায়। গলার নিচের অংশ ও বুক সাদা। লেজের মধ্যপালক সবুজ। চোখ হলুদ ও ঠোঁট কালো। হাঁসির পুরো দেহ হলুদাভ-বাদামি ও তাতে গাঢ় রঙের ফোঁটা। ঠোঁট কমলা ও চোখ কালো। প্রজননকাল ছাড়া হাঁসা-হাঁসি দেখতে প্রায় একই রকম। ডানার ভেতরের পালক ফ্যাকাশে নীল এবং পা ও পায়ের পাতা কমলা। চ্যাপ্টা পাতলা ঠোঁটের আগা গোড়ার চেয়ে দ্বিগুণ চওড়া।

পান্থামুখী মূলত ইউরোপ, সাইবেরিয়া, মধ্য এশিয়া ও উত্তর আমেরিকার আবাসিক পাখি। শীতে দ‌ক্ষিণ ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় পরিযায়ন করে। এ দেশের উপকূলীয় অঞ্চল ও স্বাদু পানির জলাশয়ে দেখা যায়। সচরাচর ঝাঁকে বিচরণ করে। অন্য প্রজাতির হাঁসের ঝাঁকের সঙ্গেও মিশ্রভাবে থাকে। অগভীর পানিতে ঠোঁট ডুবিয়ে খাবার সংগ্রহ করে। জলজ আগাছা, পোকামাকড় ও লার্ভা, মাছের পোনা ইত্যাদি খায়। ডানায় শন শন শব্দ তুলে দ্রুত উড়ে চলে। প্রজনন ঋতু ছাড়া অন্য সময় ডাকাডাকি কম করে।

মে-সেপ্টেম্বর প্রজননকাল। বুকের ঝরা পালক দিয়ে বাসার গদি তৈরি করে তাতে ৭-১৬টি সবুজাভ-পীতাভ ডিম পাড়ে। হাঁসি একাই ডিমে ২৩-২৫ দিন তা দিয়ে বাচ্চা ফোটায় এবং বড় করে তোলে। বাচ্চারা উড়তে শেখে ৪০-৪৫ দিনে এবং তখন থেকেই স্বাবলম্বী হয়। ৪-৫ বছর বাঁচে।