পাবনায় জলাবদ্ধতা, সিরাজগঞ্জে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের টানা বর্ষণে পাবনা শহরের শালগাড়িয়া ও শিবরামপুরসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা এবং সিরাজগঞ্জে মহাসড়কের বিভিন্ন স্থানে ছোটবড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে শহরবাসী ও পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
পাবনার ঈশ্বরদী আবহাওয়া দপ্তর সূত্র জানায়, ২৩ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ৫ দিনে জেলায় মোট বৃষ্টিপাত হয়েছে ২১৮ দশমিক ৯ মিলিমিটার। প্রতিদিন গড় বৃষ্টিপাত ছিল ৪৩ দশমিক ৬ মিলিমিটার।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, শহরের শালগাড়িয়া ও শিবরামপুর এলাকার বেশ কিছু মহল্লায় পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতায় দুটি এলাকার বেশ কয়েকটি রাস্তা পানিতে ডুবে আছে। বেশ কিছু কাঁচা ও পাকা বাড়ির উঠানেও পানি। এর মধ্যেই কষ্টে চলাচল করছে মহল্লাবাসী। এ ছাড়া শহরের রাধানগর, মক্তব পাড়া, জুগি পাড়া, আটুয়া, ময়নামতি, দক্ষিণ রাঘরপুর ও দিলালপুর মহল্লার বেশ কিছু সড়কে পানি আটকে আছে।
এসব মহল্লার সাত-আটজন বাসিন্দা জানান, শহরে পর্যাপ্ত পানি নিষ্কাশন নালা থাকলেও তা ময়লা আবর্জনায় আটকে আছে। অনেক এলাকার নালা দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙে পড়েছে।
শালগাড়িয়া মহল্লার এতিমখানা পাড়ার জমির উদ্দিন বলেন, ১০ থেকে ১২ বছর ধরে শালগাড়িয়া মহল্লার বেশ কিছু রাস্তা নষ্ট হয়ে আছে। ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। ময়লা আবর্জনায় আটকে আছে চারপাশ। মহল্লার টিপি সড়কের বাসিন্দা আইনজীবী জুলফিকার আলী বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভার বাসিন্দা হয়েও আমরা সব নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘ দিন আমাদের মহল্লার রাস্তা, নালা, কালভার্ট কিছুই সংস্কার করা হয় না।’
পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান বলেন, ‘আমরা ইতিমধ্যেই নতুন নালা ও রাস্তার কাজ শুরু করেছি। শহরের শালগাড়িয়া ও শিবরামপুরের কিছু এলাকা অপেক্ষাকৃত নিচু হওয়ায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তবে আমরা দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেনগুলো পরিষ্কার রাখার চেষ্টা করছি। এ ক্ষেত্রে পৌরবাসীকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে আবর্জনা না ফেললে ড্রেনগুলো পরিষ্কার থাকবে।’
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, টানা বর্ষণে জেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি থেকে চান্দাইকোনা পর্যন্ত পাটধারী, রানীনগর, চড়িয়া শিকার, হাটিকুমরুল, সাহেবগঞ্জ ও ঘুরকা এলাকায় সড়কের ওপর থেকে কার্পেটিং উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই মহাসড়কের পূর্ণিমাগাতী সেতুটির একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে কাঠ দিয়ে বিকল্প চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সেতুর মূল কাঠামো নড়বড়ে হওয়ায় সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উল্লাপাড়া-কৃষকগঞ্জ বাজার জিসি আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থান ধসে যাওয়ায় এবং একই এলাকার শাহজাহানপুর ও ঘাটিনা গ্রামের পাশে রাস্তার বেশ কিছু অংশ ভেঙে গেছে। ফলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
উল্লাপাড়া-পূর্ণিমাগাতী সড়কে গজারিয়া গ্রামসংলগ্ন নির্মীয়মাণ সেতুর পাশে নির্মিত বিকল্প রাস্তা বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় উল্লাপাড়ার সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় লোকজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
সিরাজগঞ্জের সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, বৃষ্টির পর মহাসড়কের গর্ত হওয়া স্থানে বিটুমিন দিয়ে কার্পেটিং করা হবে। সেতুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।