পারদ সামান্য নামলেও গরমে টেকা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারদের হিসাবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে বটে, কিন্তু বাস্তবে এই তফাতটুকু বোঝার উপায় নেই। গতকালও সারা দেশে গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার ওই জেলাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীর তাপমাত্রা গতকাল আরও বেড়েছে। এর আগের দিনের চেয়ে দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই রাজধানীতে যেন বয়ে গেছে আগুনের হলকা। গনগনে রোদ আর লু হাওয়া ছিল বিকেল অবধি। সন্ধ্যা নামার পর ঝিরিঝিরি বাতাস বইতে শুরু করায় একটু স্বস্তি মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, পাবনা, বরিশাল, পটুয়াখালী জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে আজও। এই এলাকাগুলোর আশপাশের এলাকায় আজ বরং দাবদাহ ছড়িয়ে পড়তে পারে। তবে সিলেট বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে আজ দেশের রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।