পার্কের পাশে ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনের রাস্তায় আবর্জনা ফেলার ডাস্টবিন রাখা হয়েছে। সেই ডাস্টবিনে ময়লা–আবর্জনা ফেলা হলেও প্রতিদিন সকালে তা সরানো হচ্ছে না। ফলে পার্ক ও আশপাশের এলাকা দুর্গন্ধময় হয়ে উঠছে l ছবি: আশরাফুল আলম
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনের রাস্তায় আবর্জনা ফেলার ডাস্টবিন রাখা হয়েছে। সেই ডাস্টবিনে ময়লা–আবর্জনা ফেলা হলেও প্রতিদিন সকালে তা সরানো হচ্ছে না। ফলে পার্ক ও আশপাশের এলাকা দুর্গন্ধময় হয়ে উঠছে l ছবি: আশরাফুল আলম

পুরান ঢাকার জনসন সড়কের বাহাদুর শাহ পার্কে সকাল-সন্ধ্যা বেড়াতে আসেন অনেকেই। কিন্তু পার্কসংলগ্ন সড়কে ডাস্টবিনের দুর্গন্ধে পার্কে সময় কাটানোই দায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, বিকল্প জায়গা পেলেই পার্ক এলাকা থেকে ডাস্টবিনটি সরিয়ে নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অভিযোগ করেন, সপ্তাহে অন্তত দুবার ডাস্টবিন পরিষ্কার ও প্রতিদিন সকালে আবর্জনা সরানোর কথা থাকলেও তা করছে না ডিএসসিসি। ফলে দুর্গন্ধময় পরিবেশের কারণে পার্কে বেড়াতে ও ব্যায়াম করতে আসা লোকজন অস্বস্তি বোধ করছেন। তাঁরা অবিলম্বে ডাস্টবিনটি অন্য কোথাও সরানোর দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, জনসন সড়কের ডাস্টবিনের পাশেই সদরঘাট বাসস্ট্যান্ড। তাই বাস থেকে নেমেই নাক চেপে ময়লা ফেলার জায়গাটি পার হচ্ছেন পথচারীরা৷ একইভাবে এই স্থান দিয়ে পার হচ্ছেন আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা৷ আর ভ্যান থেকে ময়লা-আবর্জনা সড়কে নামিয়ে তা ঘেঁটে বিভিন্ন ভাঙাচোরা জিনিসপত্র সংগ্রহ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। আবর্জনার পানি গড়িয়ে পড়ছে পয়োনিষ্কাশনের ড্রেনে। পরে আবার আবর্জনা তুলে রাখা হচ্ছে দুটি কনটেইনারে৷ তবে পরিচ্ছন্নতাকর্মীদের ঘাঁটাঘাঁটির কারণেই ময়লার দুর্গন্ধ কয়েক গুণ বেশি ছড়িয়ে পড়ছে। ফলে বাহাদুর শাহ পার্কের উত্তর পাশে সাধারণত লোকজন আসেন না। এ ছাড়া সকাল ১০টা পর্যন্ত ডাস্টবিনের ময়লা রাখার কনটেইনারগুলো সরাতে দেখা যায়নি৷
পার্কে ব্যায়াম করতে আসা পাতলা খান লেনের বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, পার্কটি মাত্র দেড় থেকে দুই একর আয়তনের। তাই ডাস্টবিনের দুর্গন্ধ বাতাসে পুরো পার্কে ছড়িয়ে পড়ে। ফলে সকালে পার্কে ব্যায়াম করা মানুষের সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে৷ কিছুদিন পর শীতের মৌসুমে উত্তর দিকের বাতাসে পার্কে দুর্গন্ধ আরও বেশি আসবে৷ এতে পার্কে আসা ও বসাই দায় হয়ে উঠবে৷
একই এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকাল-সন্ধ্যা হাঁটতে পার্কে আসতে হয়। কিন্তু পার্কের উত্তর-পশ্চিম পাশে গেলেই ঘটে বিপত্তি। নাক চেপে দৌড় দিতে হয়। ফলে পার্কে সুস্থ হতে এসে দূষিত বাতাসে অসুস্থ হয়ে পড়ছি।’
ডাস্টবিনের পাশ দিয়ে নাক চেপে হেঁটে যাচ্ছিলেন কলতাবাজারের বাসিন্দা সাইফুল আলম। তিনি বলেন, ডাস্টবিনটি নিয়মিত পরিষ্কার না করায় আবর্জনা পচে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। এ ছাড়া বাসাবাড়ির ময়লা সারা দিন ধরেই ডাস্টবিনে ফেলা হচ্ছে। কিন্তু নিয়মিত তা অপসারণ করছে না ডিএসসিসি।
স্থানীয় বাসিন্দারা জানান, পুরান ঢাকার বিভিন্ন এলাকার বাসাবাড়ির ময়লা-আবর্জনা আগে রাখা হতো বাংলাবাজার মোড় এলাকায়। ওই এলাকার বই ব্যবসায়ীদের আন্দোলনের ফলে ২০০৪ সালে তা কলতাবাজারে স্থানান্তর করা হয়। পরে কলতাবাজার এলাকার বাসিন্দাদের বাধার ফলে ২০০৬ সাল থেকে বাহাদুর শাহ পার্কসংলগ্ন জনসন সড়কে আবর্জনা রাখা হচ্ছে৷ ফলে ডাস্টবিনটি এখানেই স্থায়ী হয়ে গেছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, রাজধানীর অন্য এলাকা থেকে পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ। তাই সারা দিন ধরেই ওই এলাকা থেকে ময়লা সংগ্রহ করতে হয়। পরে তা আবর্জনার স্তূপে পরিণত হয়। এ ছাড়া ডাস্টবিন ও আবর্জনা রাখার কনটেইনারে ফুটপাতে প্রায়ই ভাসমান লোকেরা মলত্যাগ করে। এতে দুর্গন্ধ আরও বাড়ে। এই এলাকাটি ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মোহাম্মদ সেলিম বলেন, দীর্ঘদিন ধরে এই স্থানেই বাসাবাড়ির ময়লা রাখা হচ্ছে। তবে তা সরিয়ে নেওয়ার জন্য জায়গা খোঁজা হচ্ছে। কিন্তু বিকল্প জায়গা পাওয়া যাচ্ছে না।