পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকস্মিক বন্যায় তলিয়ে গেছে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ধানিজমি। কৃষকেরা তাই আধা পাকা বোরো ধান কাটতে ব্যস্ত। ছবিটি রৌমারীর যাদুচরের কাশিয়াবাড়ী থেকে গত শনিবার সকালে তোলা l প্রথম আলো
আকস্মিক বন্যায় তলিয়ে গেছে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ধানিজমি। কৃষকেরা তাই আধা পাকা বোরো ধান কাটতে ব্যস্ত। ছবিটি রৌমারীর যাদুচরের কাশিয়াবাড়ী থেকে গত শনিবার সকালে তোলা l প্রথম আলো

কুড়িগ্রামের রৌমারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাহাড়ি ঢলে ২০টি গ্রামের বিস্তীর্ণ মাঠের পাকা-আধা পাকা বোরো ধান তলিয়ে রয়েছে।
এদিকে পাহাড়ি ঢলে গত রোববার সিলেটের দুই উপজেলা গোয়াইনঘাট ও জৈন্তাপুরের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল সোমবার গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সারীঘাটের কাছে দুই উপজেলার সংযোগ সড়ক প্লাবিত হয়। আর গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগান এলাকার একাংশ প্লাবিত হয়েছে।
গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বাসিন্দা সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নামে। রোববার রাতে পানি নিম্নাঞ্চলে প্রবেশ করে।

পাহাড়ি ঢলে সিলেটের সারীঘাট এলাকায় গোয়াইনঘাট-জৈন্তাপুর সড়ক ডুবে গেছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
পাহাড়ি ঢলে সিলেটের সারীঘাট এলাকায় গোয়াইনঘাট-জৈন্তাপুর সড়ক ডুবে গেছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

জাফলংয়ে পিয়াইন নদ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে সারী নদী দিয়ে পাহাড়ি ঢল নামায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ জানান, পূর্ব জাফলং, পশ্চিম জাফলংয়ের অধিকাংশ এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। সারীঘাটে সড়ক ডুবে গেছে। এ কারণে রোববার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জৈন্তাপুরের চরিকাটা ইউপির সদস্য হেলাল উদ্দিন জানান, নদীর পানি লোকালয়ে ঢোকায় সীমান্ত এলাকার ৩০-৪০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখছেন। গতকাল দুপুরে জাফলং এলাকা পরিদর্শন করে গোয়াইনঘাটের ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন, আকস্মিকভাবে পাহাড়ি ঢল নামে। গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় পানি কমতে শুরু করে।

দুই উপজেলার পরিস্থিতি সমন্বয় রেখে দুর্যোগপূর্ণ কোনো পরিস্থিতি এলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জৈন্তাপুরের ইউএনও মোহাম্মদ খালেদুর রহমান জানান।
কুড়িগ্রামের রৌমারীর অনেকে জানান, গত চার দিনের বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দরনী ও জিঞ্জিরাম নদের পানি বাড়ে। প্রবল স্রোতে ভেঙে যায় বড়াইবাড়ি গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম দরনী নদীর বাঁশের সাঁকোটি। এ ছাড়া জিঞ্জিরাম নদের বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে ইজলামারিসহ অন্তত পাঁচটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়াইবাড়ী, কলাবাড়ী, চুলিয়ারচরসহ ২০টি গ্রামের অধিকাংশ এলাকার ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেক পুকুরের মাছ ভেসে গেছে।
গতকাল পরিস্থিতির আরও অবনতি হয়। রৌমারীর ইউএনও আবদুল হান্নান গতকাল জানান, সদর ইউনিয়নের বেহুলার চর থেকে বালিয়ামারী পর্যন্ত জিঞ্জিরাম নদ ২০ কিলোমিটার দীর্ঘ। নদের দুই পারের সব ধান তলিয়ে গেছে। পানি এখনো বাড়ছে। বিষয়টি নজরে রাখা হয়েছে।
ঝাউবাড়ি গ্রামের জোবাইদুল ইসলাম বলেন, ‘১০ বিঘা জমিতে এবার বোরো আবাদ করেছিলাম। হঠাৎ পাহাড়ি ঢলে সব জমির ধান ডুবে গেছে। ৫০০ টাকা দরে কামলা নিয়ে দুই বিঘা জমির আধা পাকা ধান কাটতে পেরেছি। এখনো আট বিঘা জমির ধান কাটতে পারিনি।’
কাশিয়াবাড়ী গ্রামের বর্গাচাষি জোছনা খাতুন বলেন, ‘অনেক কষ্ট কইরা ১০ কাটা জমি আদি (বর্গা) নিয়া দান (ধান) গারছি। সব ঢুইবা গ্যাছে।’
রৌমারী সদর ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, নদী-তীরবর্তী পাঁচটি বাড়ি ভেঙে গেছে। ঝুঁকির মুখে আছে আরও অর্ধশতাধিক ঘরবাড়ি।