
রাঙামাটি জেলার কাপ্তাই জাতীয় উদ্যানে (কেএনপি) ওর দেখা পেলাম ১৩ নভেম্বর। দুপুরে কেএনপি থেকে বড়ুইছড়ি এলাম। মধ্যাহ্নভোজ শেষে রাঙ্গুনিয়ায় অবস্থিত শেখ রাসেল অ্যাভিয়ারি (পিক্ষশালা) ও ইকোপার্কে এক পাক ঘুরে দেখার ইচ্ছে হলো। পার্কে ঢুকে হাঁটতে হাঁটতে একসময় পাহাড়ের সবচেয়ে উঁচুতে চলে এলাম। আর হঠাৎই আমার নজরে এল একটি পাখি। তারের ওপর বসে আছে। আমি সে সময় পাহাড়ের উঁচুতে থাকায় ওকে বেশ কাছাকাছি পেয়ে গেলাম। আর যায় কোথায়? পটাপট ক্লিক করতে থাকলাম। মন ভরে গেল আনন্দে।
বলছিলাম এ দেশের এক বিরল আবাসিক পাখি ডলারবার্ডের কথা। বাংলায় এর নাম পাহাড়ি নীলকণ্ঠ বা পাহাড়ি নীলকান্ত। করাসিডি পরিবারের এই পাখিটির বৈজ্ঞানিক নাম ইউরিসতোমাস ওরিয়েন্টালিস।
ডলারবার্ড নামটি শুনে অনেকে পাখিটির এমন নামকরণের কারণ জানতে চাইতে পারেন। কারণ হলো, পাখিটির ডানার নিচে গোলাকার রুপালি ছোপ রয়েছে, যা অনেকটা আমেরিকান সিলভার ডলার কয়েনের মতো। এ থেকেই এই নামের উৎপত্তি।
ডলারবার্ড মাঝারি আকারের পাখি। দৈর্ঘ্য ২৬-৩১ সেমি; ওজন ১২৩-১৫০ গ্রাম। দেহের ওপরটা কালচে নীল। গলায় নীলচে আভা। বুক-পেট ও ডানা সবুজাভ নীল। ওড়ার সময় ডানার নিচে রুপালি ডিম্বাকৃতির ছোপ দেখা যায়। ঠোঁট ও পা গোলাপি-লাল। স্ত্রী-পুরুষের চেহারা একই রকম। অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাগুলোর ঠোঁটের রং অনুজ্জ্বল।
ডলারবার্ড চিরসবুজ বন ও বনের প্রান্তে বাস করে। সাধারণত একাকী বা জোড়ায় জোড়ায় দেখা যায়। গাছের পাতাবিহীন মগডালে বা বৈদ্যুতিক তারে বসে থাকে। হঠাৎ উড়ে এসে পোকামাকড় ধরে আবার ডালে বা তারে ফিরে যায়। এরা সাধারণত ‘ক্যাঁক-ক্যাঁক-ক্যাঁক’ স্বরে ডাকে।
ডলারবার্ডের প্রজননকাল মার্চ থেকে জুন। এ সময় এরা গাছের প্রাকৃতিক কোটরে বাসা বানিয়ে তাতে তিন-চারটি সাদা রঙের ডিম পাড়ে। ডিম ফোটে ১৭-২০ দিনে। বাচ্চারা উড়তে শেখে প্রায় এক মাস বয়সে।
ডলারবার্ড মূলত চট্টগ্রাম বিভাগের পাহাড়ি চিরসবুজ বনে দেখা যায়। তবে সিলেট বিভাগের চিরসবুজ বনেও মাঝেমধ্যে এদের দেখা মেলে। বর্তমানে এরা মহাবিপন্ন পাখি হিসেবে বিবেচিত। কাজেই এদের সংরক্ষণে উদ্যোগ গ্রহণের এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন প্রাণিবিজ্ঞানীরা।