পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে চলছে বৃষ্টির দাপট। দেশের সর্বত্রই বৃষ্টি হচ্ছে। তবে উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি ঝরছে। বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এক মাসের বেশি সময় ধরে পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। গত সপ্তাহে বৃষ্টি কিছুটা কমে আসে। কিন্তু দুদিন ধরে বৃষ্টি আবারও বেড়েছে। বৃষ্টির এই ধারা আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে মাটি নরম হয়ে যায়। এ কারণে এসব এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
গত ১৩ জুন পার্বত্য তিন জেলা, চট্টগ্রাম ও কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধসে শতাধিক মানুষ নিহত হয়। এর মধ্যে রাঙামাটিতেই নিহত হয় ১২০ জন। কয়েক হাজার মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আজ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যার পরে বৃষ্টি আরও বাড়তে পারে। এ কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়ে গেছে।
বজলুর রশীদ জানান, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে—৭১ মিলিমিটার। এ সময় রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৫ মিলিমিটার। তবে, রাজশাহী বিভাগে বৃষ্টি কম হয়েছে।
বঙ্গোপসাগর থেকে নিম্নচাপটি ভারতের ওডিশা উপকূল পরিয়ে গেছে গতকাল দিবাগত রাত তিনটার দিকে। এটি এখন স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। তবে এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূল অঞ্চলের ওপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এ জন্য উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরার নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।