পাহাড়ি ঢল ও অপরিকল্পিত বসতি দায়ী

অতিবৃষ্টিজনিত পাহাড়ি ঢল ছাড়াও পাহাড় কেটে অপরিকল্পিত বসতি স্থাপন এবং গাছপালা উজাড় করার কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার পাহাড়ধসের পর সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এই মত দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ১৫ দিন আগে ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। এরপর গত কয়েক দিনের অতিবৃষ্টিতে বালুর পাহাড়ের মাটি নরম হয়ে যায়। ফলে পাহাড়ি ঢলে ন্যাড়া ও কাটা পাহাড় ধসে যায়। পার্বত্য এলাকায় আবার পাহাড় কেটে সড়ক নির্মাণ করা হয়েছে। এ কারণে মাঝেমধ্যে পাহাড় ধসে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে পাহাড় কেটে বসতি নির্মাণ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পালের মতে, মূলত অতিবৃষ্টি, পাহাড় কেটে অপরিকল্পিতভাবে বসতি স্থাপনের কারণে পাহাড়ধসের ঘটনা ঘটে। প্রথম আলোকে তিনি বলেন, ‘অতীতে আমরা পাহাড়ি লোকদের পাহাড়ধসে মারা যেতে তেমন দেখিনি। কারণ তারা পাহাড় ব্যবহার করতে জানে। কিন্তু এবার দেখলাম। এর অন্যতম কারণ, পাহাড়ের পাদদেশে বাঙালিদের অপরিকল্পিত বসতি স্থাপন।’
জানা গেছে, রাঙামাটির মানিকছড়ি, কাপ্তাই, কাউখালী, ভেদভেদী, বান্দরবানের কালাঘাটা ও লেমুঝিরি এবং চন্দনাইশ, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় গতকাল ভোরে বৃষ্টির সময় এই ধসের ঘটনা ঘটে। এসব স্থানে পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করা হয়েছিল।
চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর তিন পার্বত্য জেলার পাহাড়গুলো দেখভালের দায়িত্বে রয়েছে। জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপপরিচালক বদরুল হুদা বলেন, রাঙামাটিসহ বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনাস্থল অধিদপ্তর পরিদর্শন করে দেখছে। রাঙামাটির ভেদভেদী কিংবা রাঙ্গুনিয়া এলাকায় পাহাড় কেটে ঘর নির্মাণ করে বসতি স্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদি এ রকম হয়ে থাকে, তাহলে বলতে হয় যে তারা নিজেদের ফাঁদে নিজেরা পড়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
রাঙামাটির মানিকছড়িতে যে স্থানে পাহাড় ধসে সেনাসদস্যরা মারা গেছেন, সেখানেও তেমন গাছপালা ছিল না বলে জানা গেছে। পাহাড় ধসে সড়কযোগাযোগ বন্ধ হয়ে গেলে সেনাসদস্যরা যোগাযোগ পুনঃস্থাপন করতে সেখানে যান। তখনই পাহাড়ধসের ঘটনা ঘটে।
চন্দনাইশের ধোপাছড়ির যে স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে, সেটি বান্দরবান সীমান্ত এলাকা। সেখানে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ধোপাছড়িতে কাটা পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করেছিল লোকজন। ওই কাটা পাহাড়টি পাহাড়ি ঢলের সঙ্গে বাড়িঘরের ওপর ধসে পড়ে।
পরিবেশবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিবৃষ্টি পাহাড়ধসের অন্যতম কারণ। খাড়াভাবে কাটা পাহাড় অতিবৃষ্টিতে ধসে পড়ার আশঙ্কা বেশি থাকে। এ ছাড়া গাছপালা উজাড় করে ন্যাড়া করে ফেললেও ধসে পড়ার ঝুঁকি থাকে।
জানতে চাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘আমাদের অঞ্চলের পাহাড়গুলো বালুময়। মাঝেমধ্যে এগুলোর সঙ্গে পাথরের মিশ্রণ রয়েছে। পাহাড় কাটা হলে পাহাড়ের বালু ও পাথরের বন্ধনটা নষ্ট হয়ে যায়। এতে ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়। তিনি বলেন, আগে পার্বত্য এলাকায় রাস্তা নির্মাণের জন্য পাহাড় কাটা হতো। তাই দেখা যেত, মাঝেমধ্যে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। এর কারণ, এখন পাহাড় কেটে বসতি গড়ে উঠছে।
তবে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক মনে করেন, প্রাকৃতিক কারণেই এই ধস। তাঁর মতে, মূলত পাহাড়ি ঢলের কারণে এখানে পাহাড়ধস হয়েছে। এসব বসতি অনেক আগে থেকেই এখানে গড়ে উঠেছে।
রাঙ্গুনিয়ায় ছয়টি স্থানে পাহাড়ধস হয়েছে। এর কারণ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, খাড়াভাবে পাহাড় কেটে অপরিকল্পিতভাবে বসতি স্থাপন করা হয়েছে। এখন বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢলের সঙ্গে ওই পাহাড় বসতির ওপর ধসে পড়ে।