পাহাড়ি ঢলে দেড় হাজার ঘর বিধ্বস্ত, ভূমিধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন নদী ও পাহাড়ি ছড়ার ২৫টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে পাঁচটি ইউনিয়নে দেড় হাজার কাঁচা ঘর বিধ্বস্ত এবং বিভিন্ন স্থানে রাস্তাঘাট ও ফসলি জমির ক্ষতি হয়েছে। এ ছাড়া ভারী বৃষ্টিতে বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে ভূমিধসে বিভিন্ন স্থাপনা ভেঙে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি হয়। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সদর কুলাউড়া ইউনিয়নের গোগালিছড়া, পেঁচাছড়া, কাকিছড়া ও দেওছড়ার বাঁধের সাতটি, কর্মধা ইউনিয়নে ফানাই নদের বাঁধের পাঁচটি, রাউৎগাঁও ইউনিয়নে ফানাই নদের বাঁধের আটটি, জয়চণ্ডী ইউনিয়নে গোগালিছড়ার বাঁধের তিনটি এবং পৃথ্বিমপাশা ইউনিয়নে উগারছড়ার বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দেয়। এতে এসব ইউনিয়নের ২৫টি গ্রামে পানি ঢুকে বসতঘর ও রাস্তাঘাট তলিয়ে যায়। তবে এখন পানি নেমে গেছে।
সদর কুলাউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, তাঁর এলাকার গাজীপুর, দাসেরমহল, হরিপুর, মিনারমহল, প্রতাবী, লক্ষ্মীপুর, গুঁতগুঁতি, বালিছিরি ও শংকরপুর গ্রামের অন্তত ২০০ কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোড়ে কাঁচা ও পাকা সড়ক ভেঙে গেছে।
রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, তাঁর এলাকার মুকুন্দপুর, ভবানীপুর, শ্রীরামপুর, বনগাঁও, আব্দা ও সুতারকান্দি গ্রামের শতাধিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
পৃথ্বিমপাশা ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ঢলের পানি ঢুকে গণকিয়া ও শিকড়িয়া গ্রামের বেশ কিছু ফসলি জমির ক্ষতি হয়েছে।
জয়চণ্ডী ইউপির চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ বলেন, গোগালিছড়ার ভাঙনে তাঁর এলাকার কামারকান্দি ও দানাপুর গ্রামের শতাধিক কাঁচা ঘরের ক্ষতি হয়েছে। ২০-২৫টি ঘেরের মাছ ভেসে গেছে।
কুলাউড়ায় অতিরিক্ত দায়িত্বে থাকা জুড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শিমুল আলী বলেন, পাহাড়ি ঢলে নদী ও ছড়ার বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় দেড় হাজার কাঁচা ঘর এবং প্রায় ১২ কিলোমিটার কাঁচা ও পাকা সড়কের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য মৌলভীবাজারের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসন থেকে এখনো ত্রাণ মেলেনি। পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে তা পৌঁছে দেওয়া হবে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ভারী বর্ষণে গত বৃহস্পতিবার বিকেলের দিকে বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাতের ভেতরে টিলার মাটি ধসে একটি পর্যটকের পুলিশচৌকি, একটি শিবমন্দির, পর্যটকদের একটি ছাউনি ও জলপ্রপাতে প্রবেশের পাকা সড়কের কিছু অংশ ভেঙে গেছে।
বন বিভাগের জুড়ী-২ রেঞ্জে অতিরিক্ত দায়িত্বে থাকা জুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কামরুল মোজাহীদ বলেন, প্রবল বর্ষণের ফলে এই অবস্থা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।