পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৮ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই প্রতিরক্ষা বাঁধ ভেঙে কমলগঞ্জ পৌরসভার চারটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে একটি বসতঘর নদীগর্ভে বিলীন ও তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ঢলের পানিতে গতকাল শুক্রবার সকালে চারটি ইউনিয়নের ১৪টি গ্রামের ১ হাজার ২৩৫ একর জমির ফসল তলিয়ে গেছে।

কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রশীদ মুঠোফোনে জানান, তাঁর বাড়ির পেছনে ধলাই প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ দীর্ঘদিনেও সংস্কার হয়নি। ফলে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রতিরক্ষা বাঁধের ওই অংশ ভেঙে দ্রুত পানি কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলেপুর, চণ্ডীপুর, শ্রীচন্দ্রপুর ও কুশালপুর এলাকার ফসলি জমি ও বসতবাড়িতে ঢোকে। ঢলের পানির চাপে আলেপুর গ্রামের হনুফা বেগমের একটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়। এ ছাড়া এতে এই এলাকার কাজল মিয়া, ছমির মিয়া ও আহমদ মিয়ার তিনটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ বলেন, বৃহস্পতিবার রাতে চার গ্রাম প্লাবিত হয়ে চার হাজার মানুষ পানিবন্দী ছিল। রাতে তেমন বৃষ্টিপাত না হওয়ায় ধলাই নদের পানি কমতে শুরু করায় কমলগঞ্জ পৌরসভা এলাকার এই চারটি গ্রামের অবস্থার বেশ উন্নতি হয়। তবে পানিতে এই চারটি গ্রামের ১০ একর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে কমলগঞ্জ উপজেলা সদর ও পৌরসভা এলাকা থেকে ঢলের পানি নেমে আলীনগর ইউনিয়নের আলীনগর বস্তি, হালিমা বাজার; শমশেরনগর ইউনিয়নের ঈদগাহ টিলা, শিংরাউলী, সতিঝিরগাঁও, মরাজানের পার, রাধানগর, কেছুলটি; পতনউষার ইউনিয়নের ধোপাটিলা, পতনউষার, হালাবাদি, মাইজগাঁও এবং মুন্সীবাজার ইউনিয়নের রূপশপুর, পালগাঁও গ্রামের বিভিন্ন এলাকার ফসলি জমি নিমজ্জিত হয়।

সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার আলীনগর, শমশেরনগর, পতনউষার ও মুন্সীবাজার ইউনিয়নের ৭০ শতাংশ জমিতে তিন-চার ফুট পানি রয়েছে। গ্রামবাসী জানান, কমপক্ষে ১ হাজার ২৩৫ একর জমির আউশ ধান বিনষ্ট হবে।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন আহমদ বলেন, বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ পৌরসভার চারটি গ্রাম প্লাবিত হলেও গতকাল সকাল থেকে এসব এলাকার পানি নেমে অবস্থার উন্নতি হয়েছে। তবে এখন আলীনগর, শমশেরনগর, পতনউষার ও রূপশপুর ইউনিয়নের বেশ কিছু এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। তিনি আরও বলেন, সব মিলিয়ে প্রায় ২৪৭ একর জমির আউশের কিছু ক্ষতি হতে পারে।         

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘গতকাল ভোর থেকে কমলগঞ্জ পৌরসভা এলাকা থেকে ঢলের পানি নেমে গিয়ে অবস্থার উন্নতি হয়েছে। তবে কিছু এলাকা এখনো পানিতে নিমজ্জিত আছে। উপজেলা প্রশাসন এদিকে সার্বিক নজরদারি শুরু করেছে।’