দীর্ঘদিন সড়ক মেরামত না করায় পাবনার টেবুনিয়া-বাঘাবাড়ী সড়কের পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছে জেলার পাঁচটি উপজেলার মানুষ।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার টেবুনিয়া থেকে বাঘাবাড়ী পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৬৫ কিলোমিটার। ২০০২-২০০৩ অর্থবছরে আরআরএমপি-৩ প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়নকাজ করা হয়। এরপর আর কোনো সংস্কার করা হয়নি। বৃষ্টির দিনে ভারী যানবাহন চলাচল করায় সড়কটির পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
চাটমোহর ও ফরিদপুরের কয়েকটি এলাকার স্থানীয় লোকজন জানান, জেলা সদরের কিছু অংশ, আটঘরিয়া, চলনবিল বিস্তৃত চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে। এ ছাড়া যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন এ সড়ক দিয়ে আসা-যাওয়া করে। পাঁচ উপজেলার মানুষ ঢাকায় যাতায়াত করতে ওই সড়ক ব্যবহার করে। দীর্ঘদিন মেরামতের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সবাই চরম দুর্ভোগে পড়েছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝেমধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, পাবনা-ঈশ্বরদী সড়কের টেবুনিয়া বাজার থেকে ডান দিকে ঢুকলেই দুর্ভোগ শুরু। পিচ উপড়ানো আর গর্তে ভরা কিছুটা পথ পার হলেই আটঘরিয়া উপজেলা সদর। এখান থেকে চাটমোহর উপজেলার সদরের পাশ দিয়ে ভাঙ্গুড়া। একই অবস্থা এদিকেও। এরপর ফরিদপুর হয়ে বাঘাবাড়ী অংশটি বড় বড় খানাখন্দ ও ভাঙনে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যেই থেমে থেমে চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা প্রভৃতি। গত শুক্রবার এ সড়কে যাত্রীবাহী বাস গর্তে পড়ে গাছের গায়ে ধাক্কা খাওয়ার ঘটনা ঘটে।
চাটমোহর উপজেলা সদরের ব্যবসায়ী রনি কর্মকার বলেন, স্থানীয় ব্যবসায়ীরা এ সড়ক দিয়ে ট্রাকে করে পণ্য আনা-নেওয়া করেন। ভাঙা সড়কের কারণে তাঁদের ট্রাকভাড়া বেশি দিতে হয়।
সড়কের ডেমরা বাজার এলাকা থেকে বাসচালক আনোয়ার হোসেন বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আমরা এ রাস্তায় চলাচল করি। কিন্তু গাড়ির চাকা, চেসিসের আর কিছু থাকে না।’
ভাঙ্গুড়া উপজেলা সদরের বাসিন্দা মিলন হোসেন বলেন, বৃষ্টির পানিতে সড়কের ভাঙা অংশে কাদা তৈরি হয়। গর্তগুলো পানিতে ডুবে থাকায় দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বিভিন্ন মহলে তাগিদ দিয়ে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
সওজ পাবনার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, আগামী অর্থবছরে সড়কটি সংস্কারের জন্য প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়ার পর কাজ শুরু করা হবে।