
পুঁচকে এই পাখিটির ‘ ঝিট্ ঝিট্’ বা ‘কীট্ কীট্’ ধাতব ডাকটার শব্দ বেশ শোনা যায়। কিন্তু এদের ডাকের উৎস খুঁজে পাওয়া দুষ্কর। কাছে, না দূরে, মাটিতে, না আকাশে—বুঝতে বিভ্রান্তি হতে পারে। দূরের যাত্রায় দুলে দুলে ছন্দময় গতিতে দ্রুতবেগে উড়ে এসে ঘাসবনে বা নলবনে নামতে পারে হঠাৎ করেই। নেমেই ঘাস-নল বেয়ে বেয়ে নেমে যায় মাটির কাছাকাছি, ওপরেও ওঠে একই কৌশলে। যেখানে নেমেছিল, কোনো কৌতূহলী মানুষ বা শত্রু যদি ওখানে যায়, তাহলে নট নড়ন-চড়ন। ঘাসবন-খড়বন-নলখাগড়া বনের তলায় হারিয়ে যেতে ওরা মহা ওস্তাদ। মিনিটে গড়ে পনেরো-বিশবার ডাকে। ওড়া ও নামার সময় ডাকবেই। কাশবন-হোগলাবনও প্রিয় চারণক্ষেত্র এদের। খাবারও সংগ্রহ করে ঘাস-নল-আখ-হোগলা-কাশবনে ঘুরে ঘুরে। মূল খাবার ছোট ছোট পোকামাকড়। লার্ভা ও শুঁয়োপোকা অতীব প্রিয়। শিশির বা বৃষ্টির যে জলকণা ঘাসের ডগা-পাতায় জমে থাকে তা যেমন পান করে, তেমনি ডানা ঝাপটে গোসল করার চেষ্টাও করে।
ঘাসফুল-কাশফুলের সাদা নরম অংশ, তুলো, নরম-সরু ঘাস-মাকড়সার জাল ইত্যাদি দিয়ে অনেকটা ভি বা চোঙাকৃতির লম্বাটে বাসা বানিয়ে তাতে মেয়েটি ডিম পাড়ে চার-ছয়টি। দুজনে পালা করে তা দেয়। বৃষ্টি নামলে বা শিলাপাত অথবা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে একসঙ্গে দুজনেই ডিম আগলায়। বাসা বেশি করে বসন্তকাল থেকে বর্ষার শুরু পর্যন্ত এবং বর্ষার শেষ থেকে শীতের আগ পর্যন্ত। দুজনে মিলেই উপকরণ আনে, বাসা বানায়। বাসা বানাতে সময় লাগে চার থেকে আট দিন। বাসার মুখ থাকে ওপরের দিকে।
দেশের প্রায় সব অঞ্চলের পাট-আখখেত, পানের বরজ-ধান-কাশবন এলাকায় দেখতে পাওয়া ছোট-চঞ্চল ও চতুর এই পাখিটির নাম ধানটুনি। দাগযুক্ত টুনি নামেও পরিচিত। পাখিখেকো ভাওয়া বা সোনাব্যাঙের সহজ টার্গেটে পড়ে যায় এরা। ইংরেজি নাম zitting cisticola। বৈজ্ঞানিক নাম cisticola juncidis। দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার। ওজন ৭ গ্রাম।
এমনিতে এদের মাথার তালু ও ঘাড় লালচে বাদামি, চোখের ওপরে ধূসরাভ-সাদা ভ্রু, ঘাড়-পিঠে লম্বালম্বিভাবে সাত-আটটি ও লেজের ওপরে তিনটি চওড়া রেখা টানা। ঘাড়-বুক-পেট সাদাটে। তবে শরীরের ওপরের দুপাশে আলতো হলুদের ছোঁয়া, ধূসরাভ-হলুদ ঠোঁট এবং পা ও আঙুল হলুদাভ। চোখের মণি কালো। এটা হলো প্রজনন মৌসুমের রং। এমনিতে মাথার তালু ও পিঠ-ডানায় কালো লম্বা লম্বা রেখা টানা থাকে, চোখের ভ্রু উজ্জ্বল। প্রজননে লেজের পাশে নতুন পালক গজায় বলে পুঁচকে লেজটিকে আরও বেশি পুঁচকে লাগে। ঘাসবনে নামার মুহূর্তে ও ডাকাডাকির সময়ে লেজের পালক চমৎকারভাবে মেলে যায়।