পুকুর ভরাটকারীদের আবার পরিবেশ অধিদপ্তরে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মালপাড়ায় শত বছরের পুরোনো পুকুর ভরাটকারীদের আবারও ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে। ২৭ জানুয়ারি তাঁদের হাজির হতে হবে। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত নোটিশ ভরাটকারীদের দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, এবারের নোটিশে ভরাটকারীদের বলা হয়, ৭ জানুয়ারি আপনাদের পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। আপনারা হাজির হননি। ২৭ জানুয়ারি আপনাদের আবারও হাজির হতে বলা হচ্ছে।
মালপাড়ায় পুকুর ভরাটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর ৫ জানুয়ারি বাবুল মোল্লা ও রিপন মোল্লাকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। গত মঙ্গলবার প্রথম আলোয় ‘সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের মুন্সিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক নুরে আলম বলেন, ‘অধিদপ্তরের এনফোর্সমেন্টের নির্দেশ পেয়ে আমরা আজ (বৃহস্পতিবার) ভরাটকারীদের নোটিশ দিয়েছি। এবার তাঁরা হাজির না হলে তাঁদের অনুপস্থিতিতে বিচারকার্য পরিচালিত হবে।’