পুনরাবিষ্কৃত উদ্ভিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনরাবিষ্কৃত ওলকচু প্রজাতির উদ্ভিদ l ছবি: রোনাল্ড হালদার
পুনরাবিষ্কৃত ওলকচু প্রজাতির উদ্ভিদ l ছবি: রোনাল্ড হালদার

কচু পরিবারের একধরনের উদ্ভিদ রয়েছে, যার সাধারণ নাম হলো ওলকচু। উদ্ভিদবিজ্ঞানের ভাষায় এ প্রজাতির উদ্ভিদের নাম হলো Amorphophallus। এ রকম মোট পাঁচ প্রজাতির উদ্ভিদ বাংলাদেশে পাওয়া যায় বলে তথ্য রয়েছে। এর মধ্যে Amorphophallus. margaritifer সর্বশেষ দেখা গিয়েছিল ১৮৯৩ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকায়।
বিখ্যাত ইংলিশ উদ্ভিদবিজ্ঞানী স্যার ডালটন হুকার তৎকালীন ঢাকা এলাকার কোনো জায়গা থেকে এটি সংগ্রহ করেছিলেন। তারপর শত বছর পেরিয়ে গেলেও এটি আর দেখা যায়নি। জাতীয় উদ্ভিদ কোষে এ তথ্য রয়েছে। সেখানে আরও বলা হয়েছে, উদ্ভিদটি বাংলাদেশে দুর্লভ এবং কোথাও সন্ধান পেলে এটিরও বসতি সংরক্ষণ জরুরি।
রাজশাহীর গোদাগাড়ী এলাকায় একটি ঘাসভূমিতে পাখি পর্যবেক্ষণের সময় পাখি বিশেষজ্ঞ রোনাল্ড হালদার এ উদ্ভিদের ফুলের ছবি তোলেন। সেই ছবির সূত্র ধরেই ২০১৪ সালে উদ্ভিদটির সন্ধানে গোদাগাড়ীতে গিয়ে পাঁচটি উদ্ভিদ দেখতে পাই এবং গবেষণা শুরু করি এটি শনাক্তকরণ ও সংরক্ষণের জন্য। ২০১৫ সালে এটি শনাক্ত করা হয়। এ-সংক্রান্ত আমাদের একটি বৈজ্ঞানিক রচনা সম্প্রতি প্রকাশিত হয়েছে ট্রপিক্যাল প্ল্যান্ট রিসার্চ নামের একটি আন্তর্জাতিক জার্নালে। গবেষণায় দেখা গেছে, উদ্ভিদটি প্রকৃতিতে ও টবে সাত-আট মাস বেঁচে থাকে। অতিরিক্ত বৃষ্টিপাত ও জলাবদ্ধতা হলে এটি মরে যায়। জুন ও জুলাই মাসে এ উদ্ভিদে ফুল আসে। সাধারণত ছায়াচ্ছন্ন স্থানের উর্বর দোআঁশ মাটিতে যেখানে গুল্মজাতীয় গাছপালা আছে, এমন পরিবেশে ভালো জন্মে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উদ্ভিদটি খুবই কম দেখা যায়। এটি শাকরোল নামে পরিচিত। সবজি হিসেবে এটির কচি কাণ্ড খাওয়া হয়। তবে বৈজ্ঞানিক গবেষণায় এত বছর পরে এটাকে আবার শনাক্ত করা গেল। প্রকৃতিতে কোনো প্রজাতি প্রথম দেখার পর সেটি যদি দীর্ঘদিন ধরে না দেখা যায় এবং শতাধিক বছর পর আবার দেখা মেলে, তবে তাকে পুনঃআবিষ্কার হিসেবে গণ্য করা হয়।
বাংলাদেশ ছাড়া এটি ভারেতর মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, উত্তর প্রদেশ, সিকিম, আসাম ও পশ্চিমবঙ্গে পাওয়া যায় বলে তথ্য রয়েছে। এটি দেখতে সবুজ, মাটিতে প্রোথিত টিউবার গোলাকার, ৩ থেকে ৬ সেন্টিমিটার প্রস্থ। ১০ থেকে ২০ সেন্টিমিটার মাটির গভীরে থাকে। প্রধান কাণ্ড ১০ থেকে ৪০ সেন্টিমিটার লম্বা হয়।
বর্তমানে এই উদ্ভিদ যেখানে জন্মে, সেই স্থানের অধিকাংশই কৃষিকাজের জমি হিসেবে ব্যবহৃত হয়েছে। ঘাসভূমি ধ্বংস করা হয়েছে। ২০১৪ সাল থেকে প্রজাতিটির বসতি সংরক্ষণের জন্য স্থানীয় এক কৃষকের সহযোগিতায় কাজ করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম এ উদ্ভিদের বসতি সংরক্ষণে এগিয়ে আসবে বলে আশা করছি।