পুরোনো জাহাজের বর্জ্য তেল সাগরে, দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা গ্রামের উপকূলে পুরোনো (স্ক্র্যাপ) জাহাজ থেকে সাগরে বর্জ্য তেল ছড়িয়ে পড়েছে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের জ্যেষ্ঠ রসায়নবিদ জমির উদ্দীন প্রথম আলোকে বলেন, এ সম্পর্কে তিনি জানেন না। তবে কোনো জাহাজভাঙা কারখানা বর্জ্য তেল ছেড়েছে—এমন প্রমাণ পাওয়া যায়, তাহলে ধরন দেখে ওই কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো এলাকায় বর্জ্য তেল ছড়িয়ে পড়লে সেখানকার ক্ষুদ্র প্রাণী (ছোট মাছ ও ছোট কীট) মারা যাবে। পানি দূষিত হবে। ঘাস বৃদ্ধি পাবে না।
স্থানীয় লোকজনের দাবি, লিজেন্ড হোল্ডিং নামের একটি জাহাজভাঙা কারখানার পুরোনো জাহাজের ইঞ্জিন কক্ষের বর্জ্য তেলের ট্যাংক ফুটো হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
উপকূলে ছড়িয়ে পড়া বর্জ্য তেল তাঁদের নয়—এ দাবি করে ওই কারখানার ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন বলেন, আশপাশে অনেকগুলো জাহাজভাঙা কারখানা রয়েছে। কোন কারখানার জাহাজ থেকে ছড়িয়ে পড়েছে, তা কেউ জানে না। স্থানীয় বাসিন্দাদের দাবি সম্পর্কে তিনি বলেন, শত্রুতাবশত হয়তো কেউ বলে থাকতে পারে।
সরেজমিনে দেখা যায়, পাক্কা মসজিদ এলাকার সাগর উপকূলের বেড়িবাঁধের পাথর, লিজেন্ড হোল্ডিংয়ের ইয়ার্ড ও খণ্ডিত জাহাজের গাসহ সাগর উপকূলের কমপক্ষে এক কিলোমিটার অংশের ঘাস বর্জ্য তেলে কালো হয়ে আছে। ওই এলাকার স্লুইসগেট দিয়ে বেড়িবাঁধের ভেতরে ঢুকে পড়েছে বর্জ্য তেল। বর্জ্যের গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশের জনবসতিতে। এ ছাড়া সাগরের পানিতেও বর্জ্যের ছড়াছড়ি দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা শওকত আলী বলেন, গত ছয়-সাত দিন ধরে ভাটার সময় লিজেন্ড হোল্ডিংয়ের পুরোনো জাহাজ থেকে বর্জ্য তেল ছেড়ে দেওয়া হয়। এ বর্জ্য তেল সাগরে ভাসতে থাকে। পরে জোয়ারের সময় উপকূলে ওঠে আসে। পুরো এলাকায় গন্ধ ছড়িয়ে পড়ছে। জেলেদের জাল নষ্ট হয়ে গেছে। জেলেরা সাগরের পানিতে নামতে পারছেন না।
কুমিরা এলাকার জেলে কালা বাঁশি দাস বলেন, এ বর্জ্য তেলের কারণে সাগরে এখন মাছ পাওয়া যায় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ শাহীন ইমরান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে তদন্তের জন্য প্রতিনিধি পাঠানো হবে।