পূর্ণিমার জোয়ারে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমার জোয়ারে প্লাবিত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ২১টি গ্রামের ৩৫০টি ঘরবাড়ি। এসব বাড়ির কমপক্ষে ৬০০ বাসিন্দা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। সাগরের লোনা জলে ডুবে গেছে কয়েক শ একর ফসলি জমি।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দুপুরে পূর্ণিমার জোয়ারের ধাক্কায় বেড়িবাঁধ ভেঙে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কাহারপাড়া, তাবলরচর ও আনিচেরডেইল; বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনি ও মিয়ার ঘোনা; কৈয়ারবিল ইউনিয়নের মতিরবাপের পাড়া, মহাজনপাড়া ও মফজল ডিলার পাড়া; লেমশীখালী ইউনিয়নের পেয়ারাকাটা ও গাইনেকাটা; উত্তর ধুরুং ইউনিয়নের ফয়জনিরবাপের পাড়া, সতরউদ্দিন, চর ধুরুং, কাইছারপাড়া ও আকবরবলী পাড়া এবং দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘরপাড়া ও আলী ফকির ডেইলসহ ১৫ গ্রামের অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার আরও ছয়টি গ্রামের ৫০টি ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়।
আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী বলেন, পূর্ণিমার জোয়ারে কাহারপাড়া গ্রামের প্রায় অর্ধ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে সাতটি ঘর ভেসে গেছে। গৃহহীন তিন শতাধিক মানুষ পাশের ব্র্যাক আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। জোয়ারের উচ্চতা আরও বৃদ্ধি পেলে লোকজনের দুর্ভোগ আরও বাড়বে।
উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা শফিউল মোর্শেদ চৌধুরী বলেন, পূর্ণিমার জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে চর ধুরুং, আকবরবলী ঘাট, কাইছারপাড়া ও চুল্লারপাড়ার প্রায় তিন কিলোমিটার বাঁধ ভেঙে সাতটি গ্রাম তলিয়ে গেছে। এসব গ্রামের চার শতাধিক নারী-পুরুষ শিশু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, গত সোমবার তিনি এবং ইউএনও মমিনুর রশিদ প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। উপজেলার ২১ গ্রামের মানুষকে রক্ষার জন্য দ্রুত ভাঙা বেড়িবাঁধের সংস্কার জরুরি। ভাঙা বেড়িবাঁধ দ্রুত নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। তিনি জানান, উপজেলার প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৮ কিলোমিটার বর্তমানে ভাঙা অবস্থায় আছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুতুবদিয়ার উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, পূর্ণিমার জোয়ারের ধাক্কায় নতুন করে বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। তিনি বলেন, বরাদ্দ পেলে ভাঙা বেড়িবাঁধ সংস্কার করা হবে।