পূর্বাভাস বলছে জুলাইয়ে যথেষ্ট বৃষ্টি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলবে এখন মধ্য আষাঢ়। আকাশ কালো করে মেঘ না নামলে কিসের বর্ষা। বৃষ্টিরই যে তেমন দেখা নেই। অন্যান্য বছর বর্ষায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠে না, সেখানে গত এক সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

অবশ্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে কিছু সুসংবাদ মিলছে। আজ শনিবার ও আগামী দু-এক দিনের পূর্বাভাস বলছে, বৃষ্টি হবে। গতকাল শুক্রবার থেকে মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হতে শুরু করেছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। হিমালয় থেকে উড়ে আসা মেঘের কারণে দেশের উত্তরাঞ্চলে আর বঙ্গোপসাগরের মেঘমালা দক্ষিণাঞ্চলে বৃষ্টি ঝরানো শুরু করেছে। গত জুনে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মমিন বলেন, গতকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আজ নতুন নতুন এলাকায় বৃষ্টি হতে পারে। আগামী দু-এক দিন এই বৃষ্টি থাকবে। ফলে জুনে কম বৃষ্টি হলেও আশা করা যাচ্ছে, জুলাইয়ে তা হবে না। জুলাইয়ে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দু-এক দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চট্টগ্রাম ও মংলা বন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গতকাল চট্টগ্রাম ও রংপুর বিভাগের বেশির ভাগ স্থানে কমবেশি বৃষ্টি হয়েছে। রাজধানীতেও চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে টেকনাফে ৬৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদী ও সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই থেকে তিনটি লঘুচাপ। এর মধ্যে দু-একটি নিম্নচাপে পরিণত হতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে স্বাভাবিক বন্যা হতে পারে।