পেকুয়ায় বেড়িবাঁধে ভাঙন ১৬ গ্রামে পানি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া বেড়িবাঁধ ভেঙে অন্তত ১৬ গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে গতকাল বুধবার সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় প্রায় ৪১০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এতে উজানটিয়া জিসি স্টিমারঘাট সড়ক পানিতে ডুবে যাওয়ায় পেকুয়া উপজেলা সদরের সঙ্গে ওই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।
উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া, রূপালী বাজার পাড়া, নূরী বাপের পাড়া, পান্নাপাড়া, মধ্যম উজানটিয়া, ভেওলার বাপের পাড়া, ফকিরপাড়া, ফেরাসিঙ্গা পাড়া, ষাটদুনিয়া পাড়া, কইড়া বাজার পাড়া, নতুন ঘোনা, পেকুয়ার চর, জালিয়াপাড়া, ঘোষালপাড়া, মিয়াপাড়া, নতুনপাড়া গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি উঠেছে। ধানের বীজতলা, চিংড়িঘের, পানিতে তলিয়ে গেছে।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টায় ইউনিয়নের টেকপাড়া বেড়িবাঁধের আধা কিলোমিটার ভেঙে যায়। আগের দিন একই এলাকায় আরও ৪০০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে।
ইউপি চেয়ারম্যান জানান, উজানটিয়া ইউনিয়নে ৩০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ১৩ কিলোমিটার বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
নতুনপাড়া গ্রামের মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বেড়িবাঁধ ভেঙে তাঁর চারটি মাছের ঘেরে পানি ঢুকেছে। এতে কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে।
ঘোষালপাড়ার গৃহবধূ রেজিয়া সুলতানা জানান, তাঁর ঘরে কোমরসমান পানি। রান্না করতে পারছেন না তিনি। এতে সেহ্রি ও ইফতার খেতে পারছেন না পরিবারের লোকজন।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের শাখা প্রকৌশলী এ টি এম মাসুদুর রাব্বী গতকাল প্রথম আলোকে বলেন, ৪১০ মিটার বেড়িবাঁধ জোয়ারের তোড়ে ভেঙে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আরও পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে।