প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠছে গাছ

যেখানে-সেখানে পড়ে আছে ইট, লোহা ও কাঠের টুকরা। পাশেই গুঁড়িয়ে দেওয়া দুটি ভবনের কাঠামো, যন্ত্রপাতি ও ভাঙা ক্রেন। এরই মধ্যে বেড়ে উঠছে চারা গাছ।
এ দৃশ্য চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি উপকূলে উচ্ছেদ করা দুটি জাহাজভাঙা ইয়ার্ডের।
সূত্র জানায়, সোনাইছড়িতে উপকূলীয় বনভূমির ১৫ হাজার গাছ কেটে নির্মাণ করা হয় ওই দুটি জাহাজভাঙা ইয়ার্ড। পরে বন বিভাগের সঙ্গে মামলায় হেরে যায় ইয়ার্ডের মালিকপক্ষ। উচ্চ আদালতের রায়ে গত ২৪ ফেব্রুয়ারি পাশাপাশি অবস্থিত ইয়ার্ড দুটি উচ্ছেদ করা হয়। ইয়ার্ড দুটি হলো: মধ্যম সোনাইছড়ির এস কে স্টিল এবং এস কে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং। উচ্ছেদের পর আদালতের নির্দেশনা অনুযায়ী তখনই পুনরায় সেখানে বনায়ন শুরু হয়।
বনকর্মীরা বলেন, জাহাজভাঙা ইয়ার্ড স্থাপনের কারণে এখানে মাটি হারিয়েছে তার স্বাভাবিক উর্বরতা শক্তি। এর ফলে সাড়ে ছয় হাজার চারা গাছের মধ্যে বেশ কিছু মারা যাচ্ছে। তবু বনকর্মীরা আশাবাদী এখানে আবার সবুজ বেষ্টনী গড়ে উঠবে।
সরেজমিনে দেখা যায়, ছয় মাসে গাছের চারাগুলো দুই থেকে তিন ফুট উঁচু হয়েছে। চারার ফাঁকে ফাঁকে মাটির ওপর লোহার খণ্ড, কংক্রিট ও ইটের অনেক টুকরা। বনকর্মীরা গাছের পরিচর্যা করে যাচ্ছেন। মাঝেমধ্যে বেশ কিছু চারা মারা গেছে।
এখানে ঝাউ, আকাশমণি, কড়ই, নিম, রেইনট্রি, গামারিসহ আট প্রজাতির গাছের চারা লাগানো হয়েছে। বনভূমি পালাক্রমে পাহারা দিচ্ছেন সাতজন বনকর্মী।
জিয়াউর রহমান নামের একজন বনকর্মী বলেন, ‘ইয়ার্ড উচ্ছেদের পর এই চারা লাগানো হয়। ইট-লোহার কারণে গাছের বৃদ্ধিটা একটু কম হচ্ছে। কিছু কিছু মারাও যাচ্ছে। আমরা আবার নতুন করে চারা লাগিয়ে দিচ্ছি।’
তবে চারা লাগানো হলেও এখনো ইয়ার্ডের স্থাপনা পুরোপুরি উচ্ছেদ করা যায়নি। ভাঙা ভবন দুটি এখনো আছে। এ ছাড়া ইয়ার্ডের ড্রাম, যন্ত্রপাতি, ক্রেনসহ নানা সামগ্রী পড়ে আছে।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর এস এম মুনিরুল ইসলাম বলেন, ‘২০০৯ সালে গাছ কেটে এই ইয়ার্ডগুলো তৈরি করা হয়। উচ্চ আদালতের আদেশে ইয়ার্ড উচ্ছেদ করে পুনরায় গাছ লাগানো হয়। গাছগুলো এখন বেড়ে উঠছে। উচ্ছেদ কাজ শেষ। তবে টাকার অভাবে স্থাপনাগুলো সেখান থেকে অন্যত্র নিতে পারিনি। সেটা কয়েক মাসের মধ্যে হয়ে যাবে।’