প্রবল বর্ষণে চার জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের িকছু অংশ গতকাল সকাল থেকে পানিতে ডুবে ছিল। এতে যানবাহন চলাচল বন্ধ থাকে। ছবিটি বেলা একটায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি এলাকা থেকে তোলা l নীরব চৌধুরী
ভারী বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের িকছু অংশ গতকাল সকাল থেকে পানিতে ডুবে ছিল। এতে যানবাহন চলাচল বন্ধ থাকে। ছবিটি বেলা একটায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি এলাকা থেকে তোলা l নীরব চৌধুরী

টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার নিম্নাঞ্চল। গতকাল শনিবার বৃষ্টি অব্যাহত থাকায় অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। তলিয়ে গেছে সড়ক, ফসলের খেত ও পুকুর। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

প্রবল বর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাসহ ছয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছয় উপজেলার মধ্যে বাঘাইছড়ি উপজেলা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। ওই উপজেলায় এখন পর্যন্ত ৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া লংগদু, বরকল, নানিয়ারচর, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটি পর্যটনকেন্দ্রের ঝুলন্ত সেতু ডুবে গেছে। গত শুক্রবার দুপুর থেকে ঝুলন্ত সেতুতে দর্শনার্থীদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৌর এলাকাসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা দুর্গতদের জন্য আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে চলে এসেছে। কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. শফি উদ্দিন আহমেদ বলেন, কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়া ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। চলতি মৌসুমে আজকের দিনে (গতকাল শনিবার) হ্রদে পানি থাকার কথা ৯২ দশমিক ৫৩ ফুট। কিন্তু আজ পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০৭ দশমিক ৫ ফুট।

দুর্গত এলাকার লোকজনের জন্য জেলা প্রশাসন ১৫ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী।

এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলে বাজার, রাস্তাঘাট ও সেতু তলিয়ে গেছে। উপজেলার দুর্গত মানুষজনের জন্য দুটি আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে। বেইলি সেতু তলিয়ে যাওয়ায় দীঘিনালার সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস পাহাড়ধসের ঝুঁকি এড়াতে লোকজনকে নিরাপদে সরে যাওয়ায় জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করেছে।

দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, গত দুই মাসে এ নিয়ে চারবার বন্যা হওয়ায় মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রয়োজন রয়েছে।

চট্টগ্রামের রাউজানে কর্ণফুলী ও হালদা পাড়ের অর্ধশতাধিক গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সড়ক তলিয়ে যাওয়ায় অনেক এলাকায় হাট-বাজার বন্ধ ছিল। আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

ভারী বর্ষণে তলিয়ে গেছে খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং বাজার। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
ভারী বর্ষণে তলিয়ে গেছে খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং বাজার। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

গতকাল বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাউজানের নোয়াপাড়া, উরকিরচর, পশ্চিম গুজরা ও বাগোয়ান ইউনিয়নের ৫০টি গ্রাম পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে ডুবে গেছে। গহিরা, নোয়াজিষপুর, পশ্চিম ডাবুয়া, হলদিয়া ও চিকদাইর ইউনিয়নে রাস্তাঘাট ও ঘরবাড়ি ডুবে গেছে।

রাউজান উপজেলার ইউএনও শামীম হোসেন বলেন, টানা বর্ষণের ফলে শনিবারও কর্ণফুলী ও হালদা নদী এবং সর্তা ও ডাবুয়া খালের তীরবর্তী প্রায় অর্ধশত গ্রাম পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলার জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক মো. আজরুল ইসলাম বলেন, গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নোয়াখালীতে ৩৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এতে সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৬টি ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ইউএনও রবিউল ফয়সাল।

অপরদিকে বেগমগঞ্জ উপজেলার ইউএনও ফরিদা খানম বলেন, উপজেলার কোনো কোনো এলাকায় পানি বেড়ে গেছে। সরকারিভাবে ইতিমধ্যে ৩০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে।