প্রবল বর্ষণে রাস্তায় ভাঙন চলাচল বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টিতে সড়ক ভেঙে সরু হয়ে গেছে। খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকা থেকে ছবিটি তোলা l প্রথম আলো
টানা বৃষ্টিতে সড়ক ভেঙে সরু হয়ে গেছে। খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকা থেকে ছবিটি তোলা l প্রথম আলো

খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর এলাকার স্লুইসগেট-সংলগ্ন রাস্তাটির অংশ প্রবল বর্ষণে ভেঙে গেছে। পথচারীরা ঝুঁকি নিয়ে এখন এ রাস্তায় চলাচল করছেন। জরুরি ভিত্তিতে রাস্তাটি মেরামত ও স্লুইসগেটে আটকে যাওয়া ঝোপঝাড় পরিষ্কার করার জন্য এলাকার মানুষ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রাঙাপানিছড়া দিয়ে ভেসে আসা ঝোপঝাড় ও কাটা কলাগাছ মধুপুর এলাকার স্লুইসগেটে আটকে আছে। এ কারণে ছড়ার অতিরিক্ত পানি স্লুইসগেট দিয়ে নামতে পারছে না। গত দুই-তিন দিন ধরে প্রবল বর্ষণের কারণে রাঙাপানিছড়া দিয়ে আসা অতিরিক্ত পানি নামতে না পারায় পাশের রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে রাস্তাটি ভেঙে গেছে। প্রায় ১৫ ফুট প্রসস্থের রাস্তা বর্তমানে তিন ফুটের মতো হয়ে গেছে। আরও দু-এক দিন বর্ষণ হলে অবশিষ্ট রাস্তা ভেঙে ব্যক্তি মালিকানাধীন দেওয়াল ধসে পড়ার আশঙ্কা রয়েছে। জরুরি ভিত্তিতে আটকে যাওয়া ঝোপঝাড় পরিষ্কার ও ভেঙে যাওয়া রাস্তা ভরাট করা না হলে এ রাস্তাটি সম্পূর্ণ ভেঙে পথচারীদের চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। ভাঙনের হুমকিতে রয়েছে ব্যক্তিমালিকানাধীন বসতঘর, দোকানঘর ও পাকা দেওয়াল।
ভুক্তভোগী অচিন্ত চাকমা জানান, স্লুইসগেটে ঝোপঝাড় আটকে থাকায় ছড়ার পানি প্লাবিত হয়ে রাস্তার ওপর দিয়ে চলে যায়। তার পাকা দেওয়াল ভেঙে যাওয়ার আশঙ্কা জানিয়ে আরও বলেন, রাস্তায় পাশের ধারক দেওয়াল নির্মাণ ও মাটি ভরাট করে রাস্তাটি উঁচু করা না হলে ভয়াবহ ভাঙন দেখা দেবে।
এ রাস্তা দিয়ে মোটরসাইকেলে চলাচল করেন হরিনাথ পাড়ার বিকাশ চাকমা। তিনি জানান, দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে এ রাস্তাটি বন্ধ হয়ে যাবে।
খাগড়াছড়ি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেমং মারমা বলেন, রাস্তাটি যেভাবে ভেঙে গেছে জরুরি ভিত্তিতে মেরামত করা ছাড়া উপায় নেই। মেরামত করতে দেরি হলে আরও বেশি ক্ষতির সন্মুখীন হতে হবে। ভাঙনের বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে খাগড়াছড়ি পৌর মেয়রকে জানান এবং সরেজমিন দেখে যাওয়ার অনুরোধ করেন।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম জানান, তিনি ভেঙে যাওয়া রাস্তাটি সরেজমিনে দেখেছেন। তাৎক্ষণিকভাবে ভাঙন রোধে বালির বস্তা ফেলার উদ্যোগ নিচ্ছেন। আর এই রাস্তাটি মেরামতে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।