প্রবল বৃষ্টিতে বগুড়ায় জলাবদ্ধতা, নীলফামারীতে বাড়িঘর প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বর্ষায় উত্তরাঞ্চলে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কোনোমতে চললেও চাষিরা ফসল নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়েছিলেন। তবে শ্রাবণের এই শেষ সময়ে এসে গত দুদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। এখন আবার জলাবদ্ধতাসহ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারীতে কয়েক শ বাড়ি প্লাবিত: ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদী উপচে নীলফামারীর ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডিমলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, গত বুধবার থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। গতকালও তা অব্যাহত ছিল। ফলে ইউনিয়নের তিস্তাবেষ্টিত চর খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি ও পূর্ব খড়িবাড়ি গ্রামের পাঁচ শতাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়ে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়ায় অবস্থিত বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় নদীর পানি বিপৎসীমার (৫২ দশমিক ৪০ মিটার) ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের ৪৪টি জলকপাটের (স্লুইচগেট) সব কটি খুলে রাখা হয়েছে।
বগুড়া শহর জলাবদ্ধ: মাত্র ঘণ্টা খানেকের প্রবল বৃষ্টিতে বগুড়া শহরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, বেলা পৌনে একটা থেকে পৌনে দুইটা পর্যন্ত শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের পর্যবেক্ষক শাহ আলম বলেন, গতকাল সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত শহরে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মূল বর্ষণটা হয় বেলা পৌনে একটা থেকে পৌনে দুইটা পর্যন্তই।
বেলা দেড়টার দিকে সরেজমিন দেখা যায়, শহরের সাতমাথা-পার্ক রোড, জিলা স্কুল সড়কের মতো প্রধান প্রধান রাস্তাসহ শহরের অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জ্বলেশ্বরীতলা এলাকার বাসিন্দা মেজবাহুল আলম বলেন, পৗরসভার দুর্বল নিষ্কাশনব্যবস্থার কারণেই এ দুর্ভোগ। পানি বের হওয়ার কোনো উপায় নেই।
পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, পৌরসভার সব নালা পরিষ্কার ও সংস্কারকাজ চলছে। কয়েক দিনের মধ্যেই এ সমস্যা ঠিক হয়ে যাবে।
তারাগঞ্জে সড়ক চলার অনুপযোগী: ।
কুর্শা ইউপির সদস্য তুহিনুর রহমান বলেন, তারাগঞ্জ বাজার এলাকায় সড়কটির দুই পাশে ব্যবসায়ীরা নিজ নিজ দোকানের সামনের জায়গা মাটি দিয়ে ভরাট করায় মূল সড়ক নিচু হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই পানি জমে। কিন্তু এ পানি সরার কোনো নালা েনই।
এলাকাবাসী জানান, তারাগঞ্জ বাজারের ভেতর দিয়ে যাওয়া এ সড়কটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরে চলে গেছে। প্রতিদিন শত শত রিকশাভ্যান, মিনিবাস, ট্রাক, নাইট কোচ, টেম্পো, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ বহু মানুষ এ সড়ক দিয়ে চলে।
রংপুর সওজের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানা আছে। কিন্তু আমরা তো রাস্তা সংস্কার ছাড়া নালা নির্মাণ করে দিতে পারি না। এটা উপজেলা পরিষদের কাজ।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, শিগগিরই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
শিবগঞ্জে বৃষ্টিতে স্বস্তি: অধিকাংশ স্থান থেকেই প্রবল বর্ষণে নানা দুর্ভোগের কথা শোনা গেলেও শিবগঞ্জের আমনচাষিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চলতি মৌসুমে এ উপজেলায় বৃষ্টি কম হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছিলেন আমনচাষিরা। তবে গত বুধবারের পর পরিস্থিতি পাল্টে গেছে। গতকাল উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ভারী বৃষ্টির পর চাষিরা আমনের খেতে ব্যস্ত সময় পার করছেন।
কুড়াহার গ্রামের চাষি আকবর আলী (৪০) বলেন, ‘সেচ দিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছিলাম না। পানির অভাবে ধানগাছগুলো প্রায় হলুদ হয়ে গিয়েছিল। গত দুদিনের মতো বৃষ্টি হলে ভালো ফলন পাব বলে আশা করছি।’ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, আমনচাষির জন্য আশীর্বাদ হয়ে এসেছে এ বৃষ্টি।